![]()
ইবি রিপোর্ট
ডিসেম্বর মাসে সীমান্তপথে বিতর্কিত কোনো ব্যক্তির বাংলাদেশে প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি বিজিবি সদস্যদের এসব নির্দেশনা দেন। সীমান্তের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা, সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের উদ্দেশ্যে এ সফর করেন তিনি।
সকালে বিজিবি মহাপরিচালক কুমিল্লা সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি এবং পরিচালনাগত কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।
পরে তিনি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার পরশুরাম সীমান্তে যান। সেখানে বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এবং মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। এরপর সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ও বর্ডার আউটপোস্টের কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা এবং টহল কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক। অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
বিশেষ করে ডিসেম্বর মাসে বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ ঠেকানো এবং পুশইন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দেন।
এ সময় দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্তে যেকোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচালনাগত ও প্রশাসনিক দিকনির্দেশনা প্রদান করেন।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও তিনি নির্দেশনা দেন।
বিজিবি মহাপরিচালকের এ পরিদর্শনের সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়করা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য