![]()
ইবি রিপোর্ট
ফরিদপুর সদর উপজেলায় এক রাতের ব্যবধানে ইউনিয়ন পরিষদের অব্যবহৃত ভবন, বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার তিনটি পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটেছে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের অব্যবহৃত অফিস ভবন, গেরদা ইউনিয়নের বাখুন্ডা বাজারে অবস্থিত বিএনপির ইউনিয়ন কার্যালয় এবং একই বাজারের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে। দুর্বৃত্তরা এসব স্থাপনায় পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
গেরদা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন জানান, শনিবার মধ্যরাতে বাখুন্ডা বাজারে গেরদা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, ঘটনার পর রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল হান্নান বলেন, ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং এর পাশের গ্রামীণ ব্যাংকের একটি অফিসে রাতের অন্ধকারে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ করা হয়েছে। তার ধারণা, নিষিদ্ধ সংগঠনের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের অব্যবহৃত অফিস ভবনেও একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জানান, রাতের অন্ধকারে কয়েকজন দুর্বৃত্ত ওই অব্যবহৃত ভবনে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, তিনটি স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর পুলিশ প্রতিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার পর পুলিশ প্রতিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে একজন দুষ্কৃতকারীকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় ফরিদপুর সদর উপজেলার তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি সামনে এসেছে। তবে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ।
পাঠকের মন্তব্য