![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
টানা দরপতনের ধাক্কা সামলে পুনরুদ্ধারের চেষ্টা করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। গত ২১ নভেম্বর এর দাম কমে ৫৫ হাজার ডলারের ঘরে নেমে গেলেও পরে আবার ৬০ হাজার ডলারের সীমা ছাড়িয়েছে। গত বছরের ৬ অক্টোবরের সর্বোচ্চ দামের সঙ্গে তুলনা করলে চলতি দরপতনের সময়কাল দাঁড়িয়েছে ৪১১ দিন। অতীতের বাজারচক্রের সঙ্গে সময়ের এই মিল থাকলেও বিটকয়েনের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
ব্লকনোমির এক বিশ্লেষণে বলা হয়েছে, বিটকয়েনের চার বছর মেয়াদি বাজারচক্রের সঙ্গে সাম্প্রতিক দরপতনের সময়ের মিল রয়েছে। অতীতের বড় দরপতনগুলোর পর বাজারের সর্বনিম্ন অবস্থানে পৌঁছাতে প্রায় এক বছর বা তার বেশি সময় লেগেছিল। তবে আগের বাজারচক্রগুলোতে দাম পুনরুদ্ধার শুরু হওয়ার পরই তলানি তৈরির বিষয়টি নিশ্চিত হয়েছিল। এ কারণে কেবল সময়ের হিসাব বিবেচনা করে বর্তমান দরপতন শেষ হয়েছে বলে ধরে নেওয়া যাচ্ছে না।
বিশ্লেষণে আরও বলা হয়েছে, প্রতি ২ লাখ ১০ হাজার ব্লক পর বিটকয়েনের নতুন সরবরাহ অর্ধেকে নেমে আসে। এ প্রক্রিয়াকে বলা হয় হালভিং। তবে সরবরাহ কমে গেলেই বাজারে চাহিদা বাড়বে, এমন নিশ্চয়তা নেই। বর্তমানে উচ্চ প্রকৃত সুদের হার, ডলারের শক্তিশালী অবস্থান, বিটকয়েনভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ প্রত্যাহার এবং ধার করা অর্থে বিনিয়োগ করা ব্যক্তিদের অবস্থান বাধ্যতামূলকভাবে বিক্রি হয়ে যাওয়ার মতো বিষয়গুলো দামের ওপর চাপ সৃষ্টি করছে।
বিটকয়েনের বাজার পরিস্থিতি বুঝতে ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্রিপ্টো কোয়ান্টের দুটি সূচকের তথ্যও তুলে ধরা হয়েছে। এর প্রথমটি হলো এমভিআরভি বা মার্কেট ভ্যালু টু রিয়ালাইজড ভ্যালু। বর্তমানে এ সূচকের অবস্থান প্রায় ১ দশমিক ১।
এমভিআরভি সূচকে বিটকয়েনের বর্তমান বাজারমূল্যের সঙ্গে সর্বশেষ লেনদেনের ভিত্তিতে হিসাব করা সামগ্রিক মূল্যভিত্তির তুলনা করা হয়। ২০১৫, ২০১৮ ও ২০২২ সালে বাজারের তলানি তৈরির সময় এ সূচক ১-এর নিচে নেমে গিয়েছিল। তবে এবার এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। যদিও বাজারের কাঠামো বদলে যাওয়ায় অতীতের মতো একই পরিস্থিতি এবারও তৈরি হবে, এমন নিশ্চয়তা নেই।
দ্বিতীয় সূচকটি হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের এসওপিআর। ১৫৫ দিনের বেশি সময় ধরে রাখা বিটকয়েন স্থানান্তরের ক্ষেত্রে বিনিয়োগকারীরা লাভ করছেন, নাকি লোকসানের মুখে পড়ছেন, তা এ সূচকের মাধ্যমে বোঝা যায়। বর্তমানে এর মান প্রায় শূন্য দশমিক ৬। সাধারণত সূচকটির মান ১-এর নিচে থাকলে লোকসানে বিটকয়েন স্থানান্তরের প্রবণতা বোঝায়। সে হিসাবে দীর্ঘ সময় ধরে রাখা কয়েনের একটি অংশ লোকসানে বিক্রি বা স্থানান্তরিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এসব সূচকের তথ্য দিয়ে পুরো বাজারের দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। এ ছাড়া তথ্য সংগ্রহের সুনির্দিষ্ট সময় উল্লেখ না থাকায় সূচকগুলোকে বিটকয়েনের বাজারের তলানি নিশ্চিত হওয়ার সংকেত হিসেবেও বিবেচনা করা যাচ্ছে না।
বিশ্লেষকদের মতে, বাজারে স্থিতিশীলতা ফিরছে কি না, লোকসানে বিটকয়েন স্থানান্তরের প্রবণতা কমছে কি না এবং নতুন ক্রেতাদের অংশগ্রহণ বাড়ছে কি না, সেদিকে নজর রাখা প্রয়োজন। পাশাপাশি বিটকয়েনভিত্তিক ইটিএফে নতুন বিনিয়োগ প্রবাহও বাজারের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
সব মিলিয়ে, ৪১১ দিনের দরপতন এবং অতীতের বাজারচক্রের সঙ্গে সময়ের মিল থাকলেও বিটকয়েনের মন্দা শেষ হওয়ার নিশ্চিত প্রমাণ এখনো মেলেনি। নতুন ক্রেতাদের অংশগ্রহণ ও বাজারে চাহিদা বাড়ার ওপরই পরবর্তী সময়ে বিটকয়েনের দামের গতিপথ অনেকাংশে নির্ভর করবে।