![]()
ইবি রিপোর্ট
বিশ্ববাজারে পাম অয়েলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মালয়েশিয়ার বাজারে শুক্রবার পণ্যটির দাম ২ শতাংশের বেশি কমে গত আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। প্রতিযোগী ভোজ্যতেল হিসেবে সয়াবিন তেলের মূল্য কমে যাওয়ায় পাম অয়েলের বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন বায়োডিজেল উৎপাদনে পাম অয়েলের ব্যবহারকে তুলনামূলক কম লাভজনক করে তুলেছে। খবর বিজনেস রেকর্ডারের।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে শুক্রবার ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য নির্ধারিত পাম অয়েলের ফিউচার চুক্তির দাম প্রতি টনে ১১৬ রিঙ্গিত কমেছে। শতকরা হিসাবে এ দরপতনের পরিমাণ ২ দশমিক ৬৮ শতাংশ। দিনশেষে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২১৭ রিঙ্গিত, যা মার্কিন মুদ্রায় ১ হাজার ২৬ ডলার ২৮ সেন্ট। গত ৫ মার্চের পর এই চুক্তির সর্বনিম্ন সমাপনী দর ছিল এটি।
শুধু শুক্রবারের লেনদেনেই নয়, পুরো সপ্তাহজুড়েই পাম অয়েলের বাজারে নিম্নমুখী প্রবণতা ছিল। সপ্তাহ শেষে পণ্যটির দাম কমেছে ৫ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্য দিয়ে চার সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো সাপ্তাহিক দরপতনের মুখে পড়ল ভোজ্যতেলটি।
বাজার বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দাম কমে যাওয়ায় পাম অয়েলের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়েছে। বিশেষ করে সয়াবিন তেলের মূল্য হ্রাস পাম অয়েলের দামে নিম্নমুখী চাপ তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
এ বিষয়ে বাণিজ্য প্রতিষ্ঠান আইসবার্গ এক্সের স্বত্বাধিকারী ট্রেডার ডেভিড এনজি বলেন, ‘সয়াবিন তেলের সাম্প্রতিক দরপতনে পাম অয়েলের দামও চাপে রয়েছে। সয়াবিন ও অপরিশোধিত জ্বালানি তেলের দামের ওঠানামার ওপর পাম অয়েলের বাজারের গতিপথ নির্ভর করে।’
আন্তর্জাতিক বাজারের অন্যান্য লেনদেনেও ভোজ্যতেলের দর কমার চিত্র দেখা গেছে। শুক্রবার চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া সয়াবিন তেলের চুক্তির দাম দশমিক ৭৮ শতাংশ কমেছে। একই এক্সচেঞ্জে পাম অয়েলের মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের দাম কমেছে দশমিক ৮৮ শতাংশ।
এদিকে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের রফতানি শক্তিশালী থাকলেও শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তবে হুথিদের সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা এবং হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল বাধাগ্রস্ত হওয়ার খবর বাজারে উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে গেলে বায়োডিজেল তৈরিতে পাম অয়েল ব্যবহারের আর্থিক সুবিধা হ্রাস পায়। কারণ জীবাশ্ম জ্বালানির তুলনায় বিকল্প জ্বালানি হিসেবে পাম অয়েল ব্যবহারের প্রতিযোগিতামূলক সুবিধা তখন কমে যায়। এতে বায়োডিজেল খাতে পণ্যটির চাহিদার ওপর প্রভাব পড়তে পারে।
অন্যদিকে শুক্রবার মালয়েশীয় মুদ্রা রিঙ্গিতের বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার অপরিবর্তিত ছিল। ফলে মুদ্রাবাজারে বড় কোনো পরিবর্তন ছাড়াই আন্তর্জাতিক ভোজ্যতেল ও জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতার মধ্যে পাম অয়েলের বাজারে দরপতন অব্যাহত রয়েছে।