![]()
ইবি রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরবৃদ্ধির তালিকায় শীর্ষস্থান দখল করেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৩ দশমিক ৮৩ শতাংশ। সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা এবং শেয়ারপ্রতি আয় বৃদ্ধির তথ্যের মধ্যে শেয়ারটির বাজারমূল্যে এ উত্থান দেখা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহের শেষ কার্যদিবসে ওয়াটা কেমিক্যালসের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৮৩ টাকা ১০ পয়সায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ দর ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ এক সপ্তাহে প্রতিটি শেয়ারের মূল্য বেড়েছে ৫৫ টাকা ৮০ পয়সা। শতকরা হিসাবে এ বৃদ্ধির পরিমাণ ৪৩ দশমিক ৮৩ শতাংশ। এর ফলে ডিএসইর সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে কোম্পানিটি।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াটা কেমিক্যালসের পরিচালনা পর্ষদ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের ২০২৪-২৫ হিসাব বছরে এ আয় ছিল ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ১১ পয়সায়।
এর আগের ২০২৪-২৫ হিসাব বছরেও বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ওই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ৭৪ পয়সা, যা তার আগের হিসাব বছরে ছিল ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়ায় ৬১ টাকা ৯ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে ওয়াটা কেমিক্যালসের পর্ষদ ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ৬৭ পয়সা। আগের হিসাব বছরে এ আয় ছিল ৩ টাকা ৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে এনএভিপিএস দাঁড়ায় ৬১ টাকা ৬০ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। ওই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬২ টাকা ৫১ পয়সায়।
অন্যদিকে ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ওয়াটা কেমিক্যালস। ওই বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৫ পয়সা, আগের বছরে যা ছিল ৬ টাকা ১৪ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছিল ৬০ টাকা ২২ পয়সায়।
এদিকে ওয়াটা কেমিক্যালসের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৩’ নির্ধারণ করা হয়েছে। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) এ মূল্যায়ন করেছে। ৩০ জুন সমাপ্ত ২০২২-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ ঋণমান নির্ধারণ করা হয়।
১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালসের অনুমোদিত মূলধন ১৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৭২ কোটি ৫৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ২২ হাজার ৬১৮টি।
শেয়ার মালিকানার হিসাবে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৬ দশমিক ৪১ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৩৬ দশমিক ২৭ শতাংশ। বাকি ২৭ দশমিক ৩২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।