![]()
ইবি রিপোর্ট
ওষুধ আবিষ্কারের প্রাথমিক গবেষণায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সফটওয়্যার পাইরেক্সের তুলনায় বেশি নির্ভুলতার দাবি করেছে বাংলাদেশি গবেষকদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ‘ডনডক’। নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত পরীক্ষায় ডনডকের ডকিং নির্ভুলতা পাওয়া গেছে ৮০ দশমিক ৫ শতাংশ। একই পরীক্ষায় পাইরেক্সের নির্ভুলতা ছিল ৫২ দশমিক ৪ শতাংশ।
ডনডক তৈরির সঙ্গে যুক্ত গবেষক দলের সদস্য এসকে ফয়সাল আহমেদ। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি দেশীয় প্রতিষ্ঠান ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
ওষুধ আবিষ্কারের প্রাথমিক গবেষণাকে সহজ, দ্রুত ও স্বয়ংক্রিয় করার লক্ষ্য নিয়ে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। এতে পাঁচটির বেশি ডকিং ইঞ্জিন যুক্ত রয়েছে। এর মাধ্যমে প্রোটিন প্রস্তুত করা, রাসায়নিক অণুর সঙ্গে প্রোটিনের সম্ভাব্য সংযুক্তি বিশ্লেষণ এবং সম্ভাব্য ওষুধের কার্যকারিতা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার মতো কাজ একটি প্ল্যাটফর্মেই করা সম্ভব বলে জানিয়েছেন নির্মাতারা।
নতুন ওষুধ আবিষ্কারের গবেষণার শুরুতে বিজ্ঞানীরা কোনো রোগের জন্য দায়ী প্রোটিনের সঙ্গে কোন রাসায়নিক অণু যুক্ত হতে পারে, তা খুঁজে দেখেন। কম্পিউটারের সাহায্যে প্রোটিন ও রাসায়নিক অণুর সম্ভাব্য সংযুক্তির ধরন বিশ্লেষণের এই পদ্ধতিকে বলা হয় মলিকিউলার ডকিং।
পরীক্ষাগারে সরাসরি রাসায়নিক উপাদান পরীক্ষা করার আগেই এ পদ্ধতিতে সম্ভাবনাময় অণু শনাক্ত করা যায়। ফলে গবেষণার সময় ও ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়। ডনডকের মাধ্যমে এ প্রক্রিয়ার একাধিক প্রয়োজনীয় ধাপ একই প্ল্যাটফর্মে সম্পন্ন করা যাবে।
ডনডকের উল্লেখযোগ্য সংযোজন নিউরাল নেটওয়ার্কভিত্তিক জিনিনা ইঞ্জিন। নির্মাতাদের তথ্য অনুযায়ী, অ্যাস্টেক্স ডাইভার্স সেটে এই ইঞ্জিনের ডকিং নির্ভুলতা ৮০ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, পাইরেক্সে বহুল ব্যবহৃত অটোডক ভিনা ইঞ্জিনের নির্ভুলতা পাওয়া গেছে ৫২ দশমিক ৪ শতাংশ।
প্রোটিনের যে নির্দিষ্ট স্থানে রাসায়নিক অণু যুক্ত হতে পারে, সেটিকে বলা হয় বাইন্ডিং পকেট। মলিকিউলার ডকিংয়ের ক্ষেত্রে এই স্থান সঠিকভাবে শনাক্ত করা প্রয়োজন। ডনডকের নির্মাতাদের দাবি, সফটওয়্যারটি ৯৮ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সঠিক বাইন্ডিং পকেট শনাক্ত করতে পারে। তবে প্রচলিত পাইরেক্সে অনেক সময় ব্যবহারকারীকে নিজেই প্রোটিনের নির্দিষ্ট অংশ বা গ্রিড বক্স নির্বাচন করতে হয়।
এ ছাড়া প্রোটিন প্রস্তুত করা থেকে শুরু করে ডকিংয়ের ফলাফল বিশ্লেষণ পর্যন্ত বিভিন্ন কাজ ডনডকের একই প্ল্যাটফর্মে করা যায়। ডকিং সম্পন্ন হওয়ার পর প্রোটিন ও রাসায়নিক অণুর মধ্যে সাত ধরনের রাসায়নিক মিথস্ক্রিয়াও বিশ্লেষণের সুবিধা রয়েছে।
ডনডক তৈরির সঙ্গে যুক্ত গবেষক দল এর আগে বাংলাদেশের ঔষধি উদ্ভিদের রাসায়নিক উপাদান নিয়ে ‘বাংলাদেশ মেডিসিনাল প্ল্যান্টস ফাইটোকেমিক্যালস ডেটাবেজ’ তৈরি করেছে। ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেডের উদ্যোগে তৈরি এই ডেটাবেজে দেশের সাত শতাধিক ঔষধি উদ্ভিদের প্রায় ৬৩ হাজার ৯০০টি ফাইটোকেমিক্যাল বা রাসায়নিক উপাদানের তথ্য সংরক্ষিত রয়েছে।
গবেষকেরা ডেটাবেজে থাকা উপাদানগুলো ডনডকের মাধ্যমে বিশ্লেষণ করতে পারবেন। কোনো ঔষধি উদ্ভিদের রাসায়নিক উপাদান ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের জন্য দায়ী প্রোটিনের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, তা কম্পিউটারের সাহায্যে প্রাথমিকভাবে যাচাই করা যাবে। এর মাধ্যমে বাংলাদেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নতুন ওষুধ আবিষ্কারের গবেষণায় কাজ করার সুযোগ তৈরি হতে পারে।
ডনডকের নির্মাতা ও ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও এসকে ফয়সাল আহমেদ বলেন, ‘বিজ্ঞান কোনো নির্দিষ্ট দেশ বা অভিজাত গবেষণাগারের চার দেয়ালে বন্দী থাকতে পারে না। এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আমরা চেয়েছি, দেশের যেকোনো প্রান্তের একজন সাধারণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও যেন নিজের কম্পিউটারে বসে আন্তর্জাতিক মানের ওষুধ আবিষ্কারবিষয়ক গবেষণার প্রাথমিক কাজ করতে পারেন। সেই স্বপ্ন থেকেই ডনডকের জন্ম। সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত করার উদ্যোগও সেই চিন্তারই অংশ।’
পাঠকের মন্তব্য