![]()
ইবি রিপোর্ট
ইউরোপের ডেনিম পোশাকের বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে প্রতিযোগিতা বাড়ছে। রপ্তানিতে শীর্ষস্থান থাকলেও চলতি বছর বাংলাদেশের রপ্তানি আয় ও বাজার অংশীদারত্ব কমেছে। বিপরীতে চীন, মিসর ও ভিয়েতনাম ইউরোপের বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে। ফলে ডেনিম পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে বিভিন্ন দেশ থেকে ডেনিম পোশাক আমদানি করেছে ইইউ। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমদানির মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৪২ বিলিয়ন ইউরো। আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ৩ দশমিক ২৪ শতাংশ।
এই সময়ে বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ০১ বিলিয়ন ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইইউ। গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ। অর্থাৎ সামগ্রিক আমদানি কমার তুলনায় বাংলাদেশ থেকে আমদানি কমেছে বেশি।
এর প্রভাব পড়েছে ইউরোপের বাজারে বাংলাদেশের অংশীদারত্বেও। গত বছরের প্রথম নয় মাসে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের অংশ ছিল ৩০ দশমিক ১৮ শতাংশ। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশে।
২০১৭ সালে প্রথমবারের মতো চীনকে ছাড়িয়ে ইইউর বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষস্থান অর্জন করে বাংলাদেশ। এরপর থেকে দেশের তৈরি পোশাক খাত এই অবস্থান ধরে রেখেছে।
ইউরোপের বাজারে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটি ৬০৯ দশমিক ৭ মিলিয়ন ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় তাদের রপ্তানি কমেছে ৬ দশমিক ৬৩ শতাংশ। ইইউর বাজারে পাকিস্তানের অংশীদারত্ব বর্তমানে ১৭ দশমিক ৮৫ শতাংশ।
তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের ডেনিম রপ্তানি কমেছে ২০ দশমিক ২৭ শতাংশ। আলোচ্য সময়ে দেশটি ৪৯৮ দশমিক ১ মিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছে। চতুর্থ অবস্থানে থাকা তিউনিসিয়ার রপ্তানির পরিমাণ ২৪৩ দশমিক ৫২ মিলিয়ন ইউরো। আগের বছরের তুলনায় দেশটির রপ্তানি কমেছে ৫ দশমিক ৭৩ শতাংশ।
ছোট প্রতিযোগীদের বাজার সম্প্রসারণ
বাংলাদেশের প্রধান কয়েকটি প্রতিযোগী দেশের রপ্তানি কমলেও চীন, মিসর, ভিয়েতনাম ও ভারতের ডেনিম রপ্তানি বেড়েছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে চীনের রপ্তানি বেড়েছে ২০ দশমিক ২৩ শতাংশ। এ সময়ে দেশটি ইইউতে ২৩৫ দশমিক ৪০ মিলিয়ন ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। বাজারে চীনের অংশীদারত্ব এখন ৬ দশমিক ৭৫ শতাংশ।
একই সময়ে মিসরের রপ্তানি বেড়েছে ৩৪ দশমিক ৯৭ শতাংশ। দেশটি ২২৫ দশমিক ৭৬ মিলিয়ন ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। এতে ইইউর বাজারে মিসরের অংশ দাঁড়িয়েছে ৬ দশমিক ৬১ শতাংশ।
অন্যদিকে কম্বোডিয়া ও মরক্কোর ডেনিম রপ্তানি যথাক্রমে ৫ দশমিক ৪৯ ও ১০ দশমিক ৬৮ শতাংশ কমেছে। আলোচ্য সময়ে কম্বোডিয়া ১৬৯ দশমিক ৬১ মিলিয়ন ইউরো এবং মরক্কো ৭৩ দশমিক ৫৪ মিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছে।
বাড়তি রপ্তানির তালিকায় ভিয়েতনামের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। দেশটির ডেনিম রপ্তানি বেড়েছে ৩৮ দশমিক ০২ শতাংশ। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইইউতে ৬১ দশমিক ৫৭ মিলিয়ন ইউরোর ডেনিম পোশাক পাঠিয়েছে ভিয়েতনাম। একই সময়ে ভারতের রপ্তানি হয়েছে ৩৫ দশমিক ১৩ মিলিয়ন ইউরো। দেশটির রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৯ শতাংশ।
তবে প্রবৃদ্ধি সত্ত্বেও ইইউর বাজারে চীন, মিসর, ভিয়েতনাম ও ভারতের অংশীদারত্ব বাংলাদেশের তুলনায় অনেক কম।
প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণ
এ পরিস্থিতি নিয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বিডিনিউজ২৪ ডটকমকে বলেন, তুরস্ক ও পাকিস্তানের রপ্তানি কমায় যে বাড়তি সুযোগ তৈরি হয়েছিল, বাংলাদেশ তা কাজে লাগাতে পারেনি। বরং ওই দুই দেশের ছেড়ে দেওয়া বাজারের বড় অংশ দখল করেছে মিসর ও চীন। তিনি বলেন, ‘আমরা যদি সুযোগটি কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের রপ্তানি আরও বাড়ত।’
তিনি জানান, বছরের প্রথম পাঁচ মাসে ক্রয়াদেশ কম থাকলেও পরবর্তী চার মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এর ফলে রপ্তানি কমার হারও কিছুটা হ্রাস পেয়েছে। তবে এই সময়ে প্রতিযোগী দেশগুলোর রপ্তানি বাংলাদেশের তুলনায় বেশি বেড়েছে।
মহিউদ্দিন রুবেলের মতে, এর একটি কারণ হলো ক্রেতাপ্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক দাম দিতে না পারা। গ্যাস ও বিদ্যুতের উচ্চমূল্যের পাশাপাশি কারখানাগুলো বিভিন্ন সংকটে রয়েছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে। এ ছাড়া প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পণ্যের বৈচিত্র্যও কম।
বাণিজ্য চুক্তির অভাবকেও প্রতিযোগিতায় পিছিয়ে থাকার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। রুবেল বলেন, ‘ভিয়েতনাম ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করেছে। ভারতও এফটিএ সইয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কারণে দুই দেশ থেকে ডেনিম পোশাক কিনতে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। আমাদেরও এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিতে হবে।’
তবে ডেনিম খাতে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান নিয়ে আশাবাদী রুবেল। তাঁর মতে, বাংলাদেশ সাধারণ ডেনিম দিয়ে যাত্রা শুরু করলেও উদ্যোক্তারা দ্রুত আধুনিক প্রযুক্তির ব্যয়বহুল যন্ত্রপাতির দিকে এগিয়েছেন।
তিনি বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চমূল্যের ডেনিম এখন দেশেই উৎপাদিত হচ্ছে। পাশাপাশি মূল্য সংযোজনের সুবিধাও বাংলাদেশকে এগিয়ে রেখেছে। অন্যান্য পোশাকের তুলনায় ডেনিমে মূল্য সংযোজনের সুযোগ বেশি। দক্ষ জনবলও তৈরি হয়েছে। এসব সুবিধার কারণে বিশ্ববাজারে বাংলাদেশি ডেনিমের চাহিদা বেড়েছে।’
সেপ্টেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি সামান্য
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ইইউর বাজারে বাংলাদেশ ১৪৩ দশমিক ১২ মিলিয়ন ইউরোর ডেনিম পোশাক রপ্তানি করেছে। আগের বছরের একই মাসের তুলনায় এই প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৭০ শতাংশ।
এর আগের মাস আগস্টে বাংলাদেশের ডেনিম রপ্তানি বেড়েছিল ১২ দশমিক ৭১ শতাংশ। ওই মাসে রপ্তানির পরিমাণ ছিল ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরো। একই সময়ে ইইউর সামগ্রিক ডেনিম আমদানিও ১১ দশমিক ২৩ শতাংশ বেড়েছিল।
আগস্টে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেলেও সেপ্টেম্বরে সেই গতি ধরে রাখার প্রমাণ মেলেনি।
যুক্তরাষ্ট্রের বাজারেও শীর্ষে বাংলাদেশ
ইউরোপের বাইরে বাংলাদেশের ডেনিম পোশাকের সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র। সেখানেও রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের টেক্সটাইল ও পোশাক দপ্তরের (ওটেক্সা) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে ৬১০ মিলিয়ন ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব প্রায় ২৬ শতাংশ।
এই বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটি ৫৫০ মিলিয়ন ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে চীন ও ভিয়েতনাম। দেশ দুটির রপ্তানির পরিমাণ যথাক্রমে ৪৫০ ও ৩৫০ মিলিয়ন ডলার।