![]()
ইবি রিপোর্ট
গোপালগঞ্জে নাশকতার অভিযোগে রাজধানী ঢাকায় পালিয়ে আসা যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। পুলিশের বিশেষ বাহিনীটির দাবি, গোপালগঞ্জে নাশকতা চালানোর পর তারা ঢাকায় আশ্রয় নেন এবং রাজধানীতেও একই ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। মঙ্গলবার ভোররাতে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগের কাশিয়ানী থানা শাখার সাবেক সভাপতি ও আওয়ামী লীগের যাত্রাবাড়ী এলাকার ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক কাজী নুরুল আমিন ওরফে তুহিন (৫৫), তার দুই সহযোগী যুবলীগ কর্মী মো. বিল্লাল হোসেন (৪১) এবং মো. আবুল বাশার (৪৭)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সূত্রে বাহিনীটি জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোডে অবস্থান করছেন। তাদের মধ্যে তিনজন গোপালগঞ্জে নাশকতা চালিয়ে ঢাকায় চলে এসেছেন বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আগেই তাদের আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।
প্রাথমিক তথ্যানুসন্ধানে গ্রেপ্তার তিনজনের সবাই গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সদস্য বলে জানা গেছে। তাদের মধ্যে কাজী নুরুল আমিন ওরফে তুহিন কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি আওয়ামী লীগের যাত্রাবাড়ী এলাকার ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআরবি-২ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে বাহিনীর পক্ষ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যই প্রকাশ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে তুহিনের বিরুদ্ধে থাকা দুটি মামলার তথ্যও তুলে ধরা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা রয়েছে।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা এবং বেআইনি সমাবেশের অভিযোগে আরও একটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিষয়ে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২।
পাঠকের মন্তব্য