![]()
ইবি রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সদস্য সচিব ড. মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী এবং উপ-উপাচার্য (শিক্ষা) ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম।
মানববন্ধনে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন গতিশীল অবস্থানে থেকে উন্নয়নের পথে এগোচ্ছে, তখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ফ্যাসিস্ট সরকারের সমর্থক গোষ্ঠী আবারও বাংলাদেশকে উত্তপ্ত করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি প্রধানমন্ত্রী ও তাঁর প্রশাসনের পাশাপাশি বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। তাঁর ভাষ্য, দক্ষতার সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো সহিংসতা দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, সরকারের ধৈর্য ও সহনশীল আচরণের প্রশংসা করা উচিত। তবে এই সহনশীলতার কারণে যেন তাঁদের ধৈর্যের বাঁধ না ভাঙে, সে বিষয়েও সরকারকে সতর্ক করেন তিনি।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, বাংলাদেশের জন্য বর্তমান সময়টি জরুরি ও জটিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতি সরকারকে সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দেন অধ্যাপক সামিনা লুৎফা।
তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলো আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালাচ্ছে। এ ধরনের ঘটনা থেকেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। তাঁর মতে, আইন ও মানবাধিকারের সীমার মধ্যে থেকেই সবকিছু পরিচালনা করতে হবে। এমন একটি দেশ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই ২০২৪ সালের জুলাইয়ে তাঁরা রাস্তায় নেমেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পেছনের দরজা কিংবা অন্য কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বাংলাদেশেও এমনটি সম্ভব হবে না বলে তাঁর ধারণা। জুলাই আন্দোলন বিষয়টি সবাইকে বুঝিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মাহবুব উদ্দিন চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ড. রুমানা পারভীন অ্যানি প্রমুখ।
পাঠকের মন্তব্য