![]()
ইবি রিপোর্ট
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর মিছিল নিয়ে থানাটি ঘেরাও করেন তাঁরা। একপর্যায়ে থানায় হামলার পাশাপাশি থানা চত্বরে থাকা একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। এরপর তাঁরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন এবং একপর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেন।
থানায় হামলা ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে থানা চত্বরে অন্তত তিনটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। সেখানে ভাঙচুরের শব্দও শোনা যায়। এ সময় হামলাকারীদের ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। তাঁদের হাতে লাঠিসোঁটাও ছিল। কয়েকজনকে মুঠোফোনে হামলা ও অগ্নিসংযোগের দৃশ্য ধারণ করতে দেখা গেছে।
অন্য একটি ভিডিওতে এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘আমরা কিছু সময়ের মধ্যে থানা জ্বালিয়ে দেব।’ লাইভে তিনি আরও দাবি করেন, পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে। তাঁরা আগুন জ্বালিয়ে সেই গ্যাস নেভানোর চেষ্টা করছেন এবং পিছু হটবেন না।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আবু সুফিয়ান জানান, দুর্বৃত্তরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছে বলে তাঁরা খবর পেয়েছেন। এরপর কী ঘটেছে, তা জানতে তাঁরা খোঁজখবর নিচ্ছেন।
রাত ৯টা ১০ মিনিটের দিকে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরা জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে যানবাহনে আগুন দেওয়ার খবরও পেয়েছে পুলিশ।
এদিকে টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় এবং বাঁশবাড়িয়া এলাকার কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছেন তাঁরা। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হলে তাঁরা সেখানে যেতে পারবেন।
এর আগে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জ শহরে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই দিন ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। বিক্ষোভ ও মহড়ায় অংশ নেওয়া অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়।
সেদিন পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। একই দিন জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা। সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই রাতেই টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
এর পরদিন সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা কার্যালয়ের তালা ভেঙে সেখানে সভা করেন।
পাঠকের মন্তব্য