![]()
ইবি রিপোর্ট
পরিবেশদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, বন্যার ঝুঁকি ও কৃষিপণ্য পরিবহনের মতো সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করেছেন বাংলাদেশের তরুণেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এসব সমস্যার সমাধান উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ের এক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে তিনটি দল। ছয় সপ্তাহের এই আয়োজনে অংশ নিতে প্রাথমিকভাবে নিবন্ধন করেছিল ১৭৯টি দল।
‘হ্যাক ফর হিউম্যানিটি: হ্যাক টু প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় গত ২৯ অক্টোবর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি)। আয়োজন করে দ্য এআই কালেকটিভের বাংলাদেশ চ্যাপ্টার। ১৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে ৩০টি দলকে বাছাই করে প্রোটোটাইপ তৈরির সুযোগ দেওয়া হয়। পরে শিল্প খাতের পেশাজীবী ও শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে ১২টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) দল ‘নতুন আলো’। দলটি পুরস্কারভিত্তিক বর্জ্য পুনর্ব্যবহার প্ল্যাটফর্ম তৈরি করে পেয়েছে ২৫ হাজার টাকা। প্রযুক্তির মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের সঙ্গে প্রণোদনা যুক্ত করার ধারণা তুলে ধরেছে তারা। এর মাধ্যমে নাগরিকদের পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করে জমা দিতে উৎসাহিত করার সুযোগ রয়েছে।
প্রথম রানারআপ হয়েছে ‘নিউরোফ্লাইট ল্যাব’। তাদের প্রকল্প ‘জলরেখা: দ্য ওয়াটার লাইন’-এর জন্য পেয়েছে ১৫ হাজার টাকা। দ্বিতীয় রানারআপ হয়েছে এআইইউবির দল ‘সোশ্যাল ক্যাটালিস্ট’। তাদের প্রকল্প ‘রিরুট অ্যাগ্রো’তে পচনশীল কৃষিপণ্যের বাজারজাতকরণ ও পরিবহনের পথ নির্ধারণে এআই ব্যবহারের ধারণা তুলে ধরা হয়।
প্রতিযোগিতায় উপস্থাপিত অন্য প্রকল্পগুলোর মধ্যে ছিল আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবিলা, ইটভাটার দূষণ পর্যবেক্ষণ, ম্যানগ্রোভ বন সংরক্ষণ এবং শহরের পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন। এসব ক্ষেত্রে তথ্য বিশ্লেষণ ও পূর্বাভাসের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে এআই ব্যবহারের সুযোগ রয়েছে।
চূড়ান্ত পর্বে নয় সদস্যের বিচারক প্যানেল প্রকল্পগুলো মূল্যায়ন করে। এতে শিক্ষাঙ্গন, শিল্প ও সরকারি খাতের প্রতিনিধিরা ছিলেন। প্রতিযোগিতাটি দ্য এআই কালেকটিভের বৈশ্বিক উদ্যোগের অংশ। আয়োজকদের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৫০টির বেশি দেশের ১৩০টিরও বেশি চ্যাপ্টার এতে যুক্ত ছিল।