![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশে যেকোনো ধরনের সহিংসতার ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিক্ষোভ ও প্রতিবাদের অধিকার স্বীকার করে সংগঠনটি বলেছে, এ ধরনের কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সাম্প্রতিক অগ্নিসংযোগ ও হামলার বিষয়ে জানতে চাওয়া হলে জাতিসংঘের পক্ষ থেকে এ অবস্থান তুলে ধরা হয়।
সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এসব কথা বলেন।
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার বিষয়ে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সব ধরনের সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবশ্যই বিক্ষোভকারীদের প্রতিবাদের অধিকার রয়েছে; কিন্তু এ প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’
এদিকে দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নে কাজ করা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এসব ঘটনার নিন্দা জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শাখা, কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ব্যাংকটির এক বিবৃতিতে জানানো হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের মোট ২০টি শাখায় অগ্নিসংযোগ অথবা অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।
এসব ঘটনার মধ্যে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরের বিভিন্ন শাখা রয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী ও প্রশাসনিক কর্তৃপক্ষ ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করবে। পাশাপাশি হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখা, কর্মী এবং সদস্যদের নিরাপত্তা অব্যাহতভাবে নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পাঠকের মন্তব্য