![]()
ইবি বিনোদন রিপোর্ট
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। এদিন শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত ছিলেন পরীমনি।
পরীমনির পক্ষে আদালতে শুনানি করেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত। এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য ১৭ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন র্যাবের একজন সদস্য।
তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরে সেই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। মাদক বহনে নিজের গাড়ি ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির উদ্যোগ নেওয়া হয়।
পাঠকের মন্তব্য