![]()
ইবি বিনোদন রিপোর্ট
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত এই শিল্পী জানিয়েছেন, আরও অনেক দিন গান গেয়ে যেতে চান তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান রুনা লায়লা। সেখানে তিনি বলেন, ‘তোমাদের জন্যই আজকের এই আমি। সৃষ্টিকর্তার কাছ থেকে গান গাওয়ার যে উপহার পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি পরিতৃপ্ত। তোমাদের জন্য যেন আরও অনেক দিন গান করে যেতে পারি, এটাই চাওয়া।’
ভিডিওর পাশাপাশি লিখিত বার্তায় জন্মদিনের অনুভূতিও তুলে ধরেন তিনি। রুনা লায়লা লেখেন, ‘প্রতি বছর এই দিনে, ঠিক রাত ১২টা বাজলেই মনে পড়ে যায়, জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল, বয়স আরও এক বছর বাড়ল। কিন্তু সেই সঙ্গে কি একটু বেশি জ্ঞানীও হলাম? কে জানে! তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, আর তা হলো তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো! এত ফোন, এত মেসেজ, এত দোয়া আর শুভকামনা! আমি সত্যিই ভীষণ, ভীষণ ভাগ্যবতী যে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর, অসাধারণ একটা জীবন উপহার দিয়েছেন। এই আশীর্বাদকে আমি কখনোই স্বাভাবিক বা অবধারিত বলে মনে করি না। প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’
বার্তার শেষে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে তাঁদের সঙ্গে আরও অনেক জন্মদিন কাটানোর প্রত্যাশা প্রকাশ করেন এই শিল্পী।
১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাবার চাকরির সুবাদে আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে চলে যান তিনি। সেখানেই শুরু হয় তাঁর সংগীতচর্চা। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘জুগনু’র ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গানের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় তাঁর। পরে পাকিস্তান টেলিভিশনেও নিয়মিত গান পরিবেশন করেন।
সত্তরের দশকের শুরুতে বাংলা ও হিন্দি গানে যাত্রা শুরু করেন রুনা লায়লা। বলিউডে তাঁর গাওয়া ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ ও ‘দমা দম মাস্ত কালান্দার’ গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। দীর্ঘ সংগীতজীবনে বাংলা, হিন্দি ও উর্দুসহ ১৭টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি।
গান রেকর্ডিংয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম রয়েছে তাঁর। সুরকার নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে প্রতিদিন ১০টি করে মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করে এই রেকর্ড গড়েন তিনি।
সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে সাতবার শ্রেষ্ঠ গায়িকা ও একবার শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। অর্জন করেছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। এ ছাড়া ভারত ও পাকিস্তান থেকেও বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী।
পাঠকের মন্তব্য