![]()
ইবি রিপোর্ট
রপ্তানি বাণিজ্যে ডিজিটাল যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে নথি পরিবর্তন ও অর্থ পরিশোধের নির্দেশনায় জালিয়াতির ঝুঁকি তৈরি হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে রপ্তানিকারকদের সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন এলে তা আগে থেকে নির্ধারিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরাসরি যাচাই করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে সার্কুলারটি পাঠানো হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোকে নিজ নিজ রপ্তানিকারকদের কাছে এসব নির্দেশনা পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে সাইবার জালিয়াতির ঝুঁকির বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে। বিশেষ করে ই-মেইলসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে তথ্য এবং নথি আদান-প্রদানের সময় প্রতারণার সুযোগ তৈরি হচ্ছে। এ ধরনের জালিয়াতির মধ্যে রপ্তানি-সংক্রান্ত নথি পরিবর্তন এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক সংশোধন অন্যতম।
যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সন্দেহজনক লিংকে প্রবেশ না করা এবং অনির্ভরযোগ্য অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) ও একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) চেয়ে পাঠানো কোনো অনুরোধ গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সাধারণ অনুমোদনের আওতায় বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথি পাঠানোর ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন। এ জন্য নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে। এতে নথি আদান-প্রদানের সময় তৃতীয় কোনো পক্ষের পক্ষে সেগুলো হাতিয়ে নেওয়া কিংবা পরিবর্তন করা কঠিন হবে।
কোনো ধরনের জালিয়াতির আশঙ্কা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন, রপ্তানি নথি বিকৃতির ঘটনা কিংবা অন্য কোনো প্রতারণার সন্দেহ হলে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে দ্রুত জানাতে হবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এ সার্কুলারে সতর্কতামূলক নির্দেশনাগুলো রপ্তানিকারকদের কাছে যথাযথ যোগাযোগমাধ্যমে প্রচারের জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।
পাঠকের মন্তব্য