![]()
ইবি রিপোর্ট
দেশে স্লিপার বাস চলাচলের জন্য এখনো কোনো নীতিমালা না করায় সরকারের নিষ্ক্রিয়তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।
এর আগে গত ৯ সেপ্টেম্বর স্লিপার বাসসহ বাস চলাচলের অনুমতি নিয়ে একটি আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন বেঞ্চ ওই আদেশে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পাওয়া বাসগুলোই কেবল সড়কে চলাচল করতে পারবে।
ওই শুনানিতে বিআরটিএর পক্ষে আদালতে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি আদালতকে জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে এ ধরনের বাস চালানোর অনুমতি চেয়ে একটি আবেদন জমা দিয়েছিল।
আইনজীবী আরও বলেন, সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য বা টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘনের বিষয়ে বিধান রয়েছে। কেউ এসব শর্ত ভঙ্গ করলে আইনের ৮৪ ধারায় তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এ অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে বলেও আদালতকে জানান তিনি।
এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারার বিষয়টি তুলে ধরে আইনজীবী বলেন, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না। ফলে কোনো বাসের চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নির্ধারিত শর্ত অনুসরণ করা প্রয়োজন।
শুনানিতে আদালত বলেন, বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই শুধু সড়কে চলতে পারবে। স্লিপার বাস পরিচালনার অনুমতি নেই। এমনকি হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের অনুমোদন দেয়নি।
স্লিপার বাস চলাচলের জন্য নীতিমালা না থাকার বিষয়টি সামনে আসার পর এবার এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট। নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রয়োজনীয় নীতিমালা তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে সংশ্লিষ্টদের কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য