![]()
ইবি রিপোর্ট
জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধি দেশের ব্যবসা পরিচালনায় বড় চাপ তৈরি করছে। সামগ্রিক ব্যয় বেড়ে যাওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। আন্তর্জাতিক এক জরিপে অংশ নেওয়া বাংলাদেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান এ পরিস্থিতির কথা জানিয়েছে। আগামী দুই বছরেও ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ৭৬ শতাংশ প্রতিষ্ঠান।
এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’-এর বাংলাদেশবিষয়ক তথ্যে এ চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া দেশের ৫০ শতাংশ প্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে, ৪৯ শতাংশ প্রতিষ্ঠান কাঁচামালের মূল্যবৃদ্ধিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এ পরিস্থিতিতে ২০২৫ সালের পর থেকে চলতি মূলধনের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে ৬৪ শতাংশ প্রতিষ্ঠান।
গতকাল রোববার প্রকাশিত জরিপটির তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এইচএসবিসি বাংলাদেশ। বিশ্বের ২৬টি দেশের ১০ হাজার শীর্ষ ব্যবসায়ী নির্বাহীর মতামতের ভিত্তিতে এটি পরিচালিত হয়েছে। এইচএসবিসির কমিশনে জরিপটি পরিচালনা করেছে ব্রিটিশ পোলিং কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান সাভান্তা। গত ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়।
জরিপে আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তার প্রভাবও উঠে এসেছে। বাংলাদেশের ৩১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, শুল্ক ও বাণিজ্যিক অনিশ্চয়তা তাদের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে ৩২ শতাংশ প্রতিষ্ঠান আয় কমার অভিজ্ঞতার কথা জানিয়েছে। আগামী দুই বছরে আরও আয় কমতে পারে বলে আশঙ্কা করছে ৩৭ শতাংশ প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে বৈশ্বিক গড় ২৮ শতাংশ।
ব্যবসায়িক অনিশ্চয়তা মোকাবিলায় সরবরাহ ব্যবস্থা পুনর্বিন্যাসের উদ্যোগও নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের ৫৫ শতাংশ প্রতিষ্ঠান উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নতুনভাবে সাজানোর কথা জানিয়েছে। এ ক্ষেত্রে বৈশ্বিক গড় মাত্র ৩৬ শতাংশ। বিকল্প উৎস ও বাজার তৈরির কৌশল ‘চায়না প্লাস ওয়ান’ গ্রহণেও এগিয়ে রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। দেশের ৫৭ শতাংশ প্রতিষ্ঠান এ কৌশল নিয়েছে। বৈশ্বিক গড়ও এ ক্ষেত্রে ৩৬ শতাংশ।
তবে ব্যয় বৃদ্ধির চাপের মধ্যেও আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ রয়েছে। আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আত্মবিশ্বাসী ৯১ শতাংশ বাংলাদেশি ব্যবসায়ী। তাঁদের মধ্যে ৫৬ শতাংশ নিজেদের অত্যন্ত আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন। ঝুঁকি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ কার্যকর হয়েছে বলে মনে করে ৯০ শতাংশ প্রতিষ্ঠান। এসব উদ্যোগের ফলে নগদ অর্থপ্রবাহ ও চলতি মূলধনের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ৮১ শতাংশ প্রতিষ্ঠান।
প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অগ্রগতি দেখা গেছে। বাংলাদেশের ৮৬ শতাংশ প্রতিষ্ঠান বাণিজ্যসংশ্লিষ্ট অন্তত একটি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু করেছে। প্রযুক্তিগত অবকাঠামোতে বিনিয়োগ বাড়লে নিজেদের পণ্যের চাহিদা বাড়বে বলে আশা করছে ৮০ শতাংশ প্রতিষ্ঠান।
তবে এআই ব্যবহারের পাশাপাশি দায়িত্বশীল প্রয়োগ ও সুশাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তাও উঠে এসেছে জরিপে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহারের ক্ষেত্রে চিহ্নিত ১০টি সুশাসনমূলক ব্যবস্থার গড়ে ৪০ শতাংশ বাস্তবায়ন করেছে। বৈশ্বিক ক্ষেত্রে এ হার ৩৫ শতাংশ। ব্যবসায়িক কাজে এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে জবাবদিহি, তদারকি ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করার প্রয়োজনীয়তাও বাড়ছে।
বৈশ্বিক পরিস্থিতি
জরিপে দেখা গেছে, গত ছয় মাসে বিশ্বের ৪৪ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে ব্যয় বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে। এরপর রয়েছে শুল্ক ৪৩ শতাংশ এবং পণ্য পরিবহন ব্যয় ৪১ শতাংশ। ইতোমধ্যে ৬৮ শতাংশ প্রতিষ্ঠান সামগ্রিক ব্যয় বৃদ্ধির অভিজ্ঞতার কথা জানিয়েছে। আগামী দুই বছরে আরও ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করছে ৭২ শতাংশ প্রতিষ্ঠান।
সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার কারণে ২০২৫ সালের পর থেকে চলতি মূলধনের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে ৫৯ শতাংশ বৈশ্বিক প্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে পরিচালনগত দক্ষতা বাড়ানো, সরবরাহকারীদের সঙ্গে নতুন করে আলোচনা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে তারা। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বৈশ্বিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে।