![]()
ইবি রিপোর্ট
রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে পাঠানোর বিনিময়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায় উঠে এসেছে, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। একই প্রতিবেদনে সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে।
গতকাল ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের ১৯১ পৃষ্ঠার দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনের সময় সরকারি হাসপাতালগুলোর প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে পরবর্তী আরেকটি গবেষণায় চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে।
প্রতিবেদনে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতির তথ্যও উঠে এসেছে। পাশাপাশি ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার কথা উল্লেখ করা হয়েছে। কিছু সরঞ্জাম বাজারদরের ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিনের সম্পাদনায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।
ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা, তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা এবং অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতি দুর্নীতির পেছনে ভূমিকা রাখছে। তাঁর ভাষায়, “শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; সততাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করে তুলতে হবে।”
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু ব্যক্তিকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের সংকটের সমাধান সম্ভব নয়। এ জন্য পুরো ব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। তাঁর মতে, দুর্নীতি কেবল আর্থিক অনিয়ম বা দরপত্র কারসাজিতে সীমাবদ্ধ নয়; নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও এর অন্তর্ভুক্ত।
সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীদের যেসব অনিয়মের মুখোমুখি হতে হয়, সেগুলোও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো।
একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে হাসপাতালের এক ওয়ার্ডবয় পাঁচ হাজার টাকা নেন। অথচ ওই ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাঁকে অন্যত্র বদলি করা হয়।
ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে বলে গবেষণায় অনুমান করা হয়েছে। তবে এ হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
স্বাস্থ্য খাতে কর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতেও রাজনৈতিক প্রভাবের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া ‘ভুতুড়ে চিকিৎসকদের’ বিষয়টিও তুলে ধরা হয়েছে। এ ছাড়া ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহির ঘাটতিও প্রতিবেদনে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে প্রায় ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ জনগণের কার্যকর প্রতিনিধিত্ব পাওয়া যায়নি।
চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতার তথ্য দেওয়া হয়েছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে এই সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার উন্নতি হয়নি।
স্বাস্থ্য খাতে দুর্নীতি কমাতে রোগীদের ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন নেওয়া আইনত নিষিদ্ধ করার সুপারিশ করেছে বিএইচডব্লিউ। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণের বিধান রেখে আইনি কাঠামো তৈরি, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
সরকারি কেনাকাটার সব তথ্য প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়ার ব্যবস্থাপনা নিশ্চিত এবং অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধ করার পাশাপাশি রোগী ও সাধারণ জনগণের প্রতিনিধিত্ব এবং স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার সুপারিশও করা হয়েছে।
পাঠকের মন্তব্য