![]()
ইবি রিপোর্ট
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তাঁর দাবি, পতিত ফ্যাসিস্টরা পাশের দেশের মদদে ক্ষমতায় ফিরতে চায়। তবে পেছনের দরজা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির এমন প্রচেষ্টা জনগণ সফল হতে দেবে না।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
বক্তব্যে তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পাশের দেশের সহায়তায় ক্ষমতায় ফেরার পরিকল্পনা থাকলেও জনগণ তাদের সেই সুযোগ দেবে না বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, ‘ক্ষমতায় এসে ফ্যাসিস্টরা আবারও ব্যাংকের টাকা পাচার করবেন। অথচ তাদের মন্ত্রী-এমপিরা ঠিকই সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কানাডায় ও দুবাইতে বিলাসী জীবন যাপন করবেন। ওই সুখের স্বর্গ তাদের আর কোনোদিন আসবে না।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নতুন কমিটির মাধ্যমে দক্ষিণ মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে। দলের জন্য নেতাকর্মীরা জীবন বাজি রেখে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, তারা দায়িত্বে থাকলে দল ঠিক থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় আবদুস সালাম বলেন, ‘আগামীতে যত ষড়যন্ত্রই হোক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব পরিস্থিতি মোকাবিলা করা হবে।’ দলের নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলেও তাঁর বক্তব্যে উঠে আসে।
শ্রদ্ধা নিবেদন ও পরবর্তী ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পাঠকের মন্তব্য