![]()
ইবি রিপোর্ট
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জের সাম্প্রতিক অপরাধ, সহিংসতা ও নিরাপত্তাহীনতার বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি দাবি করেছেন, মাঠপর্যায়ের পরিস্থিতির সঙ্গে মন্ত্রীর বক্তব্যের মিল নেই। অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
খুলনার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন, সেখানে ব্যবসায়ীরা শহর ছেড়ে চলে যাচ্ছেন। নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের রাস্তায় নামতে হচ্ছে এবং চাঁদাবাজির ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারছেন না। তার দাবি, গত সাড়ে ১০ মাসে খুলনায় ৭৭টি হত্যাকাণ্ড ঘটেছে। জেলার আটটি থানায় ১৮১ জন সন্ত্রাসী সক্রিয় রয়েছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, প্রধানমন্ত্রী কিংবা পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সফরের সময়ও সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধ থাকছে না। নগর প্রশাসক ও বিএনপি নেতাদের বক্তব্য উল্লেখ করে তিনি জানান, পরিস্থিতি এভাবে চলতে থাকলে মানুষ খুলনায় বসবাস করতে চাইবেন না। একজন সংসদ সদস্যের বক্তব্য উদ্ধৃত করে তিনি খুলনাকে ‘মৃত নগরী’ হিসেবেও উল্লেখ করেন।
কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তার ফেসবুক পোস্টে বলা হয়, মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যান ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় দুই উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হন বলে তিনি উল্লেখ করেন।
গোপালগঞ্জের বিভিন্ন সহিংস ঘটনার বিবরণও তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার ভাষ্য অনুযায়ী, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
তিনি আরও দাবি করেন, দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তিন জেলার এসব ঘটনার বিবরণ দিয়ে পোস্টে তিনি লেখেন, ‘৬৪ জেলার বাংলাদেশের মাত্র তিনটি জেলার চিত্র তুলে ধরলাম। বাকি ৬১ জেলার কথা না হয় বাদই দিলাম’।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এতগুলো ঘটনা সামনে আসার পরও মন্ত্রী দাবি করছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দৃশ্যমান কোনো অবনতি হয়নি।
নিজের বক্তব্যের সমর্থনে তিনি জর্জ অরওয়েলের উপন্যাস ‘১৯৮৪’-এর ‘মিনিস্ট্রি অব ট্রুথ’ বা সত্যের মন্ত্রণালয়ের প্রসঙ্গ টানেন। নাসীরুদ্দীনের ব্যাখ্যায়, উপন্যাসে মন্ত্রণালয়টির নাম সত্যের মন্ত্রণালয় হলেও রাষ্ট্রের স্বার্থে বাস্তবতাকে বিকৃত করাই ছিল এর কাজ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকেও তিনি একই ধরনের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন।
পোস্টের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘অরওয়েলের দুর্ভাগ্য, তিনি ১৯৮৪ লিখেছিলেন কল্পকাহিনি হিসেবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে বাস্তবায়ন করছেন সরকারি কর্মপরিকল্পনা হিসেবে’।
পাঠকের মন্তব্য