![]()
ইবি রিপোর্ট
দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৯৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৮১ জনে। মোট আক্রান্ত বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বুলেটিনে এ তথ্য জানানো হয়। মাসওয়ারি হিসাবে অক্টোবরে মারা গেছেন ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা গেছেন।
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬০ জন ভর্তি হয়েছেন। চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগী ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৯২৪ জন। চট্টগ্রামে ২৬১, খুলনায় ২২৪, রাজশাহীতে ২১৬ ও বরিশালে ১৮৫ জন ভর্তি হয়েছেন। ময়মনসিংহে ভর্তি ৭৬ জন, রংপুরে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন।