![]()
ইবি রিপোর্ট
কুষ্টিয়ায় সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। দলের সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা, মহানগর, থানা ও উপজেলা পর্যায়ের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় দ্রুত সমাবেশ ও মিছিল করতে বলা হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাতের অভিযোগ, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর পরিবারের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে। এতে টিনশেড বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায়। তাঁর বাবা-মাসহ পরিবারের কয়েকজন আহত হন।
ঢাকা থেকে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে নুসরাত জানান, পেছন দিক থেকে এক ব্যক্তি চার দফায় বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন।
ফেসবুক পোস্টে নুসরাত বলেন, কারা এ হামলার পেছনে, তা তিনি জানেন না। তবে এনসিপি ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে। দলের মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের দাবি, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত থাকতে পারেন বলে তাঁদের সন্দেহ।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর মেলেনি। আগুনের কারণও নিশ্চিত করতে পারেনি পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, গোয়ালঘর হিসেবে ব্যবহৃত একটি ঘরে আগুন লাগে। নুসরাতের পরিবার ও স্থানীয়দের ধারণা, পূর্ববিরোধের জেরে পেট্রল বা এ ধরনের দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।
সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের একাধিক ঘটনার মধ্যে নুসরাতের বাড়িতে হামলায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ডা. তাসনিম জারা। নুসরাতের প্রতি সংহতি জানিয়ে তিনি লেখেন, ‘আপনি একা নন।’
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও হামলার নিন্দা জানান। ঘটনাটিকে কাপুরুষোচিত বলে তিনি জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান। সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনাও করেছে জামায়াত।