![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে ঋণের পরিবর্তে অনুদান পাওয়ার দাবি জানাচ্ছে বাংলাদেশ। জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর অর্থায়ন নিশ্চিত করতে এবারের কপ সম্মেলনে বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (১১ নভেম্বর) কপ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনকালে সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় তিনি সরকারের এ অবস্থানের কথা জানান। শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো দেশগুলো দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন করে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক জলবায়ু তহবিল প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু অর্থায়নের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করবেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনীয় সহায়তা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর আর্থিক সংকটের বিষয়ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ অর্থনীতির বিকাশে বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং নদী খননসহ বেশ কিছু টেকসই কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু ফোরামে বাংলাদেশের নেওয়া এসব পদক্ষেপের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলো যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তা তুলে ধরবেন।
শামা ওবায়েদ আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো দেশগুলোর সংকট নতুন নয়। দীর্ঘদিন ধরে এসব দেশ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর জন্য শুধু প্রতিশ্রুতি বা আশ্বাস যথেষ্ট নয়। প্রয়োজন বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত এবং কার্যকর আর্থিক সহযোগিতা।
এবারের কপ সম্মেলন থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর ও সুনির্দিষ্ট সমাধান আসবে বলে প্রত্যাশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, জলবায়ু তহবিলের অর্থ অনুদান হিসেবে পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত দেশগুলো দীর্ঘমেয়াদি ও টেকসই উপায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারবে। এ বিষয়ে সম্মেলনে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এদিকে, কপ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা এবং উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের একটি সৌজন্য বৈঠক হওয়ার কথা রয়েছে।
শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এসব কূটনৈতিক যোগাযোগ এবং উচ্চপর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থায়ন নিয়ে ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়নের দাবি আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য