![]()
ইবি রিপোর্ট
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়ার সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। তবে ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দীন জনি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এজাহারে কুষ্টিয়া শহর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—কুষ্টিয়া শহর ছাত্রদল নেতা সংগ্রাম (২৬), ছাত্রদল নেতা সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাদের (২৪), ছাত্রদল নেতা আপন (২৪), আকাশ শাহরিয়ার জয় (২৩) এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২)।
এজাহারের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ২ নম্বর গেটের পাশ থেকে মাদক কেনাবেচার খবর পান ডিবি পুলিশের সদস্যরা। খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। তখন তাঁকে আটক করার উদ্যোগ নেন পুলিশ সদস্যরা।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই সময় মামলার আসামিরা অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে সঙ্গে নিয়ে পুলিশের সদস্যদের চারপাশ থেকে ঘিরে ফেলেন। তাঁরা পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁদের মারধর করেন। একই সঙ্গে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হয়।
এ ছাড়া হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের অস্ত্র ও গুলি কেড়ে নেওয়ার চেষ্টা, সদস্যদের ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এজাহারের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান। পরে হামলায় আহত ডিবি পুলিশের সদস্যদের চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(ক) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মন্তব্য