![]()
ইবি রিপোর্ট
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ শুরুর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে তাঁদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তিনি। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান। সেখানে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বাংলাদেশের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
সম্মেলনস্থলে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় হয়। তাঁদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান এবং মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান।
এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন।
ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্মেলনের আগে ও উদ্বোধনী আয়োজন ঘিরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই আলাপচারিতা অনুষ্ঠিত হয়।
কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ুবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব মোকাবিলা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রে রয়েছে।
সম্মেলনের বিভিন্ন কর্মসূচির ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাতের সময়সূচি রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।
এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আন্তালিয়ায় এই সফরের মধ্য দিয়ে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে বিশ্বনেতাদের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
পাঠকের মন্তব্য