![]()
ইবি রিপোর্ট
সরকারি প্রতিবন্ধী ভাতার টাকা এক বছর ধরে পাচ্ছিলেন না চিনু রানী দাশ। পক্ষাঘাতের কারণে দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী। সমাজসেবা অধিদপ্তরের তালিকায় নাম থাকলেও অ্যাকাউন্টের পরিচয়সংক্রান্ত জটিলতায় আটকে ছিল ভাতার অর্থ। বিষয়টি জানার পর সাত কিলোমিটার দূরে তাঁর বাড়িতে গিয়ে সমস্যার সমাধান করেন নগদ সেবা পয়েন্টের উদ্যোক্তা আলিমুর রহমান।
চট্টগ্রামের জাকির হোসেন রোড নগদ সেবা পয়েন্টে ঘটনার সূত্রপাত হয়। সেখানে চিনু রানী দাশের মেয়ে শিল্পী রানী মায়ের অ্যাকাউন্টের পিন রিসেট করতে আসেন। এ সময় আলিমুর রহমান তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার বিস্তারিত জানতে পারেন। তিনি জানতে পারেন, ২০০৭ সাল থেকে পক্ষাঘাতে আক্রান্ত চিনু রানী শয্যাশায়ী। ফলে তাঁর পক্ষে সেবা পয়েন্টে গিয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না।
অন্যদিকে, চিনু রানী দাশের নগদ অ্যাকাউন্টটি খোলা হয়েছিল তাঁর মেয়ের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে। কিন্তু সংশ্লিষ্ট মোবাইল সিমটি নিবন্ধিত ছিল চিনু রানীর নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে। প্রতিবন্ধী ভাতা পেতে সিম ও অ্যাকাউন্ট একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত থাকা বাধ্যতামূলক। এই নিয়মের সঙ্গে তথ্যের অসামঞ্জস্য থাকায় তাঁর ভাতার টাকা আটকে যায়। এতে পরিবারটি আর্থিক সংকটের মুখে পড়ে।
বিষয়টি জানার পর গ্রাহককে সেবা দিতে উদ্যোগী হন আলিমুর রহমান। অফিসের দৈনন্দিন কাজ শেষ করে তিনি চট্টগ্রামের শিব মন্দিরসংলগ্ন বাইন্যা পাড়া এলাকায় যান। নগদ সেবা পয়েন্ট থেকে চিনু রানী দাশের বাড়ির দূরত্ব প্রায় সাত কিলোমিটার। সেখানে পৌঁছে তিনি প্রয়োজনীয় তথ্য যাচাই করেন। এরপর সিম ও অ্যাকাউন্টের তথ্যের অমিল দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
আলিমুর রহমান কেওয়াইসি পুনরায় জমা দেওয়ার কাজ সম্পন্ন করেন। পাশাপাশি অ্যাকাউন্টের পিন রিসেট করে সেটি পুরোপুরি সচল করেন। পরিবারের সদস্যদের ভাতা উত্তোলনের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত বুঝিয়ে দেন। এতে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ভাতা পাওয়ার সুযোগ তৈরি হয়।
এক বছরের অনিশ্চয়তা ও ভোগান্তি দূর হওয়ায় স্বস্তি প্রকাশ করেন চিনু রানী দাশ ও তাঁর পরিবারের সদস্যরা। বাড়িতে গিয়ে সেবা দেওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। চিনু রানী বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকায় সেবা পয়েন্টে যাওয়া তাঁর পক্ষে অসম্ভব ছিল। এক বছর ভাতা বন্ধ থাকায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। নগদের কর্মী নিজে বাড়িতে এসে সমস্যার সমাধান করে দিয়েছেন। তাঁদের জন্য এতটা কষ্ট করবেন, তা তিনি ভাবতেও পারেননি। তাঁর আন্তরিকতায় পরিবারটি ভীষণ কৃতজ্ঞ। নগদ ও ওই কর্মীর জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ ও শুভকামনাও জানিয়েছেন তিনি।
ঘটনাটি বড় কোনো আয়োজন ছাড়াই সম্পন্ন হয়েছে। তবে একজন শয্যাশায়ী গ্রাহকের বাড়িতে গিয়ে সেবা দেওয়ার বিষয়টি পরিবারটির কাছে বড় স্বস্তি হয়ে উঠেছে। গ্রাহকের প্রয়োজন ও সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমন উদ্যোগ নিয়েছেন আলিমুর রহমান।
এ বিষয়ে আলিমুর রহমান জানান, শারীরিকভাবে অক্ষম একজন গ্রাহকের কাছে গিয়ে সেবা দিতে পেরে তাঁর ভালো লেগেছে। তাঁর মতে, গ্রাহকসেবা শুধু নির্ধারিত জায়গায় বসে সেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং গ্রাহকের কষ্ট ও সীমাবদ্ধতা বুঝে তাঁদের পাশে দাঁড়ানোও এর অংশ।
তিনি বলেন, সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রাহকের বাড়িতে সেবা দিতে পারা শুধু পেশাগত দায়িত্ব নয়, এটি দারুণ মানবিক অভিজ্ঞতাও। কাজের মাধ্যমে গ্রাহকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চান তিনি, নগদ তাঁদের প্রতিটি প্রয়োজনে পাশে রয়েছে।