![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় পাসপোর্টের পরিবর্তে ভ্রমণ নথি বা ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে ভারত। বাংলাদেশের পক্ষ থেকে তাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানানোর পরদিনই নয়াদিল্লির এই বক্তব্য সামনে এলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সে অনুযায়ীই প্রক্রিয়াটি পরিচালিত হবে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত। এ ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজনীয়তাকে একটি ‘প্রযুক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিষয়’ হিসেবে উল্লেখ করেন তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সে অনুযায়ীই এটি পরিচালনা করা হবে।’
ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথির প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, মানুষের যাতায়াত বা ভ্রমণের জন্য একটি ভ্রমণ নথির প্রয়োজন।’
ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশ প্রদত্ত পাসপোর্ট অথবা জরুরি সনদপত্রের মাধ্যমে দেশে ফেরত পাঠানো সম্ভব। এসব নথি তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
এর আগে সোমবার বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হুমায়ূন কবীর জানিয়েছিলেন, শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। একই সঙ্গে ২০১৩ সালে হাসিনা সরকারের আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
হুমায়ূন কবীর বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট প্রদান করবে না। এমন পদক্ষেপের কোনো সুযোগ বা বিধান নেই। একটি গ্রহণযোগ্য বন্দি বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে।’
এদিকে, সংশ্লিষ্ট এক কর্মকর্তা সোমবার ‘দ্য হিন্দু’কে জানিয়েছেন, বন্দি প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট প্রয়োজন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অবস্থিত একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। ওই প্রতিষ্ঠানটি এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠিও পাঠিয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের নির্বাসনে থাকা কিংবা দেশে ফেরার পর দীর্ঘ সময় কারাবন্দি থাকার নজির রয়েছে। যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রায় ১৭ বছর দেশের বাইরে ছিলেন।
অন্যদিকে, ২০২৬ সালের ৫ আগস্ট এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন।
এদিকে, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, লুটপাট, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
মঙ্গলবার বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। এমনকি আর্মি গলফ ক্লাবেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্পেশাল ব্রাঞ্চের প্রধান কার্যালয়ের সামনে, থানার গেটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।’
পাঠকের মন্তব্য