![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। প্রতিনিধি পরিষদে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর ফলে হেগসেথের বিরুদ্ধে পদচ্যুতির উদ্যোগ আপাতত থমকে গেছে।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে এ বিষয়ে একটি কার্যপ্রণালিগত ভোট অনুষ্ঠিত হয়। ভোটে অভিশংসন প্রস্তাবটি রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি এই পদচ্যুতির প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছিলেন। কমিটিতে পাঠানোর সিদ্ধান্তে তার উদ্যোগ কার্যত স্থগিত হয়ে গেল।
ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ২১১টি এবং বিপক্ষে ২০৪টি ভোট পড়ে। রিপাবলিকান সদস্যদের মধ্যে কেবল থমাস ম্যাসি বিপক্ষে ভোট দেন। এই সিদ্ধান্তের ফলে অভিশংসন প্রক্রিয়া ধীরগতিতে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে হেগসেথের বিরুদ্ধে আনা আটটি ধারায় সরাসরি ভোট এড়ানো সম্ভব হবে।
ভোটের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি সেখানে হেগসেথের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিশংসন প্রচেষ্টার সমালোচনা করেন। ট্রাম্প লেখেন, ‘যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার ডেমোক্র্যাটদের প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে! একজন প্রধান পরাজিত ব্যক্তি থমাস ম্যাসি ছাড়া প্রতিটি রিপাবলিকান পিটের পক্ষে ভোট দিয়েছেন।’
থমাস ম্যাসির প্রস্তাবিত অভিশংসন সনদে হেগসেথের বিরুদ্ধে আটটি পৃথক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের একটি হলো, কংগ্রেসের অনুমতি ছাড়াই ইরানের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ শুরু করা। পাশাপাশি মাদক পাচারকারী সন্দেহে নৌযানে বিচারবহির্ভূত হামলা চালানোর অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করেই অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন পিট হেগসেথ। অভিশংসন প্রস্তাবকে তিনি ‘নাশকতা’ এবং ‘ফার্স’ বা প্রহসন বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তার প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।
এদিকে হেগসেথের বিরুদ্ধে অভিযোগ এবং যুদ্ধের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিদায়ী রিপাবলিকান সিনেটর জনি আর্নস্ট। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ যেভাবে এগোচ্ছে সে বিষয়ে তিনি কি সত্যি বলছেন?’
অভিশংসন প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাস হলেও পরবর্তী ধাপে সিনেটে বাধার মুখে পড়ার আশঙ্কা ছিল। কারণ সেখানে কোনো কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। বর্তমানে ৫৩টি আসন নিয়ে রিপাবলিকানরা সিনেটে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছেন। ফলে হেগসেথকে সিনেটে দোষী সাব্যস্ত করা অসম্ভব বলে মনে করা হচ্ছিল।
সর্বশেষ ভোটের ফলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন উদ্যোগের গতি কমেছে। রিপাবলিকানদের সিদ্ধান্তে প্রস্তাবটি এখন হাউস জুডিশিয়ারি কমিটির আওতায় রয়েছে। ফলে আটটি অভিযোগের বিষয়ে সরাসরি ভোটের প্রক্রিয়া আপাতত এগোচ্ছে না।