![]()
ইবি স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে অনন্য নজির গড়েছে জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছে তারা। অন্যদিকে দুই ইনিংসেই দেড়শর বেশি রান খরচ করে অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছেন আফগান স্পিন অলরাউন্ডার জিয়া-উর-রেহমান। পাঁচ দিনের এই টেস্ট শেষ হয়েছে ড্রয়ে।
আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে সংগ্রহ করে ৫০৪ রান। জবাবে আফগানিস্তান করে ৫১৪ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তোলে ৫২৩ রান। এর আগে টেস্ট ক্রিকেটে কোনো দল দুই ইনিংসেই অন্তত ৫০০ রান করার নজির গড়তে পারেনি।
জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ব্রেন্ডন টেইলর করেন ১৩১ রান। অধিনায়ক ব্রায়ান বেনেটের ব্যাট থেকে আসে ১২৮ রান। দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করে রানআউট হন টেইলর। এ ইনিংসে দলের হয়ে বড় অবদান রাখেন ক্রেইগ আরবাইন ও ওয়েসলি মাধভেয়ার। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে ২০৬ রান করেন আরবাইন। অন্যদিকে মাধভেয়ার করেন ১০০ রান।
তবে ম্যাচের ফল নির্ধারণে আলোকস্বল্পতা বড় ভূমিকা রেখেছে। একাধিক দিন আলো কম থাকায় নির্ধারিত সময়ের পুরোটা খেলা সম্ভব হয়নি। দুই দিনই খেলা হয়েছে অর্ধেক সময়। এ কারণে বাড়তি ওভার খেলার ব্যবস্থাও করা হয়। আফগানিস্তানের প্রথম ইনিংসে ১০ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের দীর্ঘ সময় ব্যাটিং ম্যাচের ফল ড্রয়ের দিকেই নিয়ে যায়।
এই ম্যাচে সবচেয়ে বিব্রতকর রেকর্ড গড়েছেন আফগানিস্তানের বাঁহাতি অর্থোডক্স স্পিনার জিয়া-উর-রেহমান। জিম্বাবুয়ের দুই ইনিংসেই তিনি দেড়শর বেশি রান খরচ করেছেন। প্রথম ইনিংসে ১৭০ এবং দ্বিতীয় ইনিংসে ১৭৩ রান দেন তিনি। দুই ইনিংল মিলিয়ে ৯৬ ওভার বোলিং করে তার খরচ ৩৪৩ রান।
টেস্ট ক্রিকেটে দুই ইনিংসেই দেড়শর বেশি রান দেওয়ার ঘটনা এর আগে ঘটেনি। সব মিলিয়ে এক টেস্টে সর্বোচ্চ রান খরচের তালিকায় জিয়ার অবস্থান তৃতীয়। ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের টমি স্কট এক ম্যাচে ৩৭৪ রান দিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার জেসন ক্রেজা খরচ করেন ৩৫৮ রান।
জিম্বাবুয়ে ও আফগানিস্তানের এই ম্যাচে ব্যক্তিগত সাতটি সেঞ্চুরি দেখা গেছে। টেস্ট ইতিহাসে কোনো ম্যাচে অন্তত সাতটি ব্যক্তিগত শতকের ঘটনা এ নিয়ে ১১ বার ঘটল। এর মধ্যে মাত্র দুটি ম্যাচে আটটি করে সেঞ্চুরি হয়েছিল।
এদিকে ৪০ বছর ২৭২ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করে আরেকটি রেকর্ড গড়েছেন ব্রেন্ডন টেইলর। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। এ তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের গ্রাহাম গুচ। ৪০ বছর ৩১৪ দিন বয়সে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
পাঠকের মন্তব্য