![]()
ইবি রিপোর্ট
ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কাজে লাগানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হচ্ছে।
এক্সপোতে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এতে অংশ নিয়েছেন নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং উদ্যোক্তারা। প্রদর্শনীর মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথমবারের মতো যৌথভাবে এ আয়োজন করেছে।
আয়োজকদের লক্ষ্য, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করা। পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারের নীতি, প্রণোদনা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা সম্পর্কে অংশীজনদের অবহিত করাও এ আয়োজনের উদ্দেশ্য।
সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
দুই দিনব্যাপী এ আয়োজনে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন নীতি, প্রযুক্তি ও অর্থায়ন-সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হচ্ছে। এর মধ্যে রয়েছে সরকারি প্রণোদনা, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন এবং কার্বন ক্রেডিট।
এ ছাড়া সৌরবিদ্যুৎচালিত সেচব্যবস্থা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ নিয়েও প্রদর্শনীতে আলোচনা ও তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্টদের ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।