![]()
বাসস
জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠনের কাজে বিশেষজ্ঞ সহায়তা নিতে দুই থেকে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে যোগাযোগের বিষয়টিও বিবেচনায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভায় এসব সুপারিশ করা হয়। কমিটিটি জনবলবিষয়ক সিদ্ধান্ত গ্রহণ এবং সেগুলো পরবর্তী কমিশন বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে কাজ করছে।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের অর্গানাইজেশনাল রিফর্ম এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংগঠনিক সংস্কার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তার বিষয়টি গুরুত্ব পায়।
এ লক্ষ্যে দুজন অথবা বিশেষ পরিস্থিতিতে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি পরামর্শক নিয়োগের প্রক্রিয়ায় ইউএনডিপির সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও পরামর্শ নেওয়া যেতে পারে বলেও মত দেওয়া হয়।
সভা শুরুতে আগের বৈঠকের কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে অনুমোদন করা হয়। এরপর জাতীয় সংসদ সচিবালয়ের জনবল ও নিয়োগ-সংক্রান্ত অগ্রগতির তথ্য কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের নিয়োগ কার্যক্রম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, ১১ থেকে ২০তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য ১৫৫টি পদের নিয়োগ জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুই পর্যায়ের নিয়োগ কার্যক্রমই যত দ্রুত সম্ভব শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে বলে সভায় জানানো হয়।
কমিটির দ্বিতীয় সভায় সদস্য হিসেবে অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা এবং মোসাম্মৎ শাম্মী আক্তার।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য