![]()
ইবি রিপোর্ট
দেশের যোগাযোগব্যবস্থা, কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় নতুন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।
বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে এ সমীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। সমীক্ষার ফল পাওয়ার পর সেতু দুটির সম্ভাব্য অবস্থান, নকশা এবং নির্মাণ ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দ্বিতীয় পদ্মা সেতুর নকশা নিয়ে আলোচনায় ওয়াই-আকৃতির সংযোগব্যবস্থার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। প্রস্তাবিত এই কাঠামো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগের সুবিধা বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে বলে বৈঠকে আলোচনা করা হয়। একই সঙ্গে মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
বৈঠকে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনাও আলোচনায় আসে। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বাড়ানো এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়গুলো এতে বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ছাড়া ব্যারেজের ওপর দিয়ে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রকল্পটি বাস্তবায়িত হলে পানি ব্যবস্থাপনার পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রেও কী ধরনের সুযোগ তৈরি হতে পারে, তা বৈঠকে পর্যালোচনা করা হয়।
তিনটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের সংস্থান, জমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়গুলোও বৈঠকে উঠে আসে। পাশাপাশি প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ—প্রতিটি প্রকল্পের পরিকল্পনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সম্ভাব্যতা সমীক্ষা, নকশা, ব্যয় নির্ধারণ এবং বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো পরবর্তী সিদ্ধান্তের ভিত্তি হিসেবে বিবেচিত হবে।
পাঠকের মন্তব্য