![]()
ইবি রিপোর্ট
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মিরপুর এলাকার পাঁচটি মেট্রোস্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার সকাল থেকেই মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে পোশাকশ্রমিকেরা দলে দলে এসে সড়কে অবস্থান নিতে শুরু করেন। তাঁদের মূল দাবি, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা।
একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর-১০ এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ওই এলাকার মেট্রোরেল চলাচলেও প্রভাব পড়ে। প্রথমে তিনটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করা হলেও পরে আরও দুটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ এবং পল্লবীসহ আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
একদিকে সড়কে যান চলাচল বন্ধ, অন্যদিকে পাঁচটি মেট্রোস্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকায় মিরপুর এলাকার যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটে।
পাঠকের মন্তব্য