![]()
ইবি রিপোর্ট
ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে তার কোনো প্রভাব রাখা যাবে না বলে নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আইন মেনে চলার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি।
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদানকারী কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা। এর মাধ্যমে দেশের সব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
প্রশাসন, উন্নয়ন, সমাজের সামগ্রিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের কাজের ওপর নির্ভর করে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রজীবনে কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে কর্মজীবনে সেটি কোনোভাবেই প্রতিফলিত হওয়া উচিত নয়। চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে।
পুলিশ ও আনসার ক্যাডারের কাজের ধরন অন্য ক্যাডার সার্ভিসের তুলনায় আলাদা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব বাহিনীর কর্মকর্তাদের সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিবেশে দায়িত্ব পালন করতে হয়। অনেক ক্ষেত্রে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত জরুরি।
আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা দেখানোর জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা এবং কোনো পরিস্থিতিতেই ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে জানানো হয়, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রোববার (১ নভেম্বর) পূর্বাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।
পাঠকের মন্তব্য