![]()
ইবি রিপোর্ট
রাজধানীর মিরপুরে সকাল থেকে সড়ক অবরোধ করে রাখা পোশাকশ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও বাঁশি ব্যবহার করা হয়। তবে এ ঘটনায় লাঠিচার্জ বা কাউকে আটকের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
দুপুরে মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম। তিনি জানান, পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের উপস্থিতিতে সড়ক পরিষ্কার করা হয়েছে। জনসাধারণের ভোগান্তি কমাতে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এখন ওই বোর্ডের মাধ্যমে এ বিষয়ে কাজ চলবে। বিষয়টি আন্দোলনরত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু এরপরও তাঁরা সড়ক ছাড়তে রাজি হননি।
তিনি আরও বলেন, পুলিশের কাছে মনে হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, সড়ক পরিষ্কারের জন্য পর্যাপ্ত সদস্য ও কর্মকর্তাকে কাজে লাগানো হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও কোনো লাঠিচার্জ করা হয়নি।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি। একই সঙ্গে পুলিশের কোনো সদস্য আহত হননি বলে নিশ্চিত করেন মহিদুল ইসলাম।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর মিরপুর এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
পাঠকের মন্তব্য