![]()
ইবি রিপোর্ট
দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২ নভেম্বর)। পর্যায়ক্রমে এ নিবন্ধন দেওয়া হবে। তবে বর্তমানে সড়কে চলাচলরত রিকশা এখনই বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বৈধ ও অবৈধ—উভয় ধরনের রিকশাই আপাতত চলাচল করতে পারবে। ফলে বর্তমান রিকশা মালিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, সিটি করপোরেশন এলাকায় স্বল্প গতির ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে সরকার বিধিমালা প্রণয়ন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে।
তবে নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এসব যানবাহনের অনুমোদিত সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ২৫ কিলোমিটার।
প্রতিমন্ত্রী জানান, স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় এবং জনবহুল এলাকায় ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ১৫ কিলোমিটার। এ ছাড়া নিবন্ধনের তারিখ থেকে প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল হবে ১২ বছর।
সোমবার থেকে ১৩টি সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে। তবে একসঙ্গে সব ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে না; পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
বর্তমানে চলাচলরত রিকশাগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে না জানিয়ে শাহে আলম বলেন, ই-রিকশার ব্যাটারি নির্ধারিত চার্জিং স্টেশন থেকেই চার্জ করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ই-রিকশার ব্যাটারি ভাঙা যাবে না বলেও জানান তিনি।
নতুন বিধিমালায় যাত্রী ধারণক্ষমতা অনুযায়ী ই-রিকশার নিবন্ধন ও নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দুই যাত্রী বহনে সক্ষম ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা।
অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ই-রিকশার চলাচল আরও নিয়ন্ত্রিত করতে জোনভিত্তিক চলাচল, নির্দিষ্ট রুট এবং যানবাহনের জন্য আলাদা রং নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এসব বিষয় চূড়ান্ত হলে ১৩টি সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার চলাচল নতুন বিধিমালার আওতায় পরিচালিত হবে।
পাঠকের মন্তব্য