
ইবি রিপোর্ট
দিনব্যাপী ফেনী সফরের শুরুতেই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বহু প্রতীক্ষিত মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে সড়কপথে ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছেই মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রবল বৃষ্টির মধ্যেও স্থানীয় জনগণ উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
বাঁধ নির্মাণকাজের উদ্বোধনের পর ঘাটঘর এলাকায় আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এর আগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য দুপুরের পর ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনব্যাপী সফরের প্রথম কর্মসূচিতে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। এরপর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন।
পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীতে যাবেন। সেখানে বিরতির পর সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
ফুলগাজীর ওই অনুষ্ঠান থেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ সময় ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কার্যক্রমের আওতায় ফেনী জেলায় মোট ২৭৫ জনকে সম্মানী ভাতার জন্য মনোনীত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনোনীতদের মধ্য থেকে ৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ২ জন সেবায়েত এবং ২ জন পুরোহিত প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানী গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রীর ফেনী সফরের কর্মসূচিতে বন্যা নিয়ন্ত্রণ, কৃষি, সামাজিক নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে।
মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধনের মধ্য দিয়ে সফরের শুরুতেই দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় দাবির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
পাঠকের মন্তব্য