
ইবি রিপোর্ট
২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত ব্যাংকিং সময়ের পরও কোনো হজ নিবন্ধনকারী অর্থ জমা দিতে উপস্থিত থাকলে তাঁর কাছ থেকে টাকা গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের এক সার্কুলার লেটারে বুধবার এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকিং লেনদেনের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী উপস্থিত থাকবেন, ততক্ষণ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে তাঁর কাছ থেকে অর্থ গ্রহণের ব্যবস্থা করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ দিয়েছে। হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ সহজ করতেই ছুটির দুই দিন ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশ জারি করা হয়েছে। ফলে হজ নিবন্ধনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়ার জন্য অতিরিক্ত দুই দিন ব্যাংকসেবা পাবেন।
পাঠকের মন্তব্য