
ইবি বিনোদন ডেস্ক
হিন্দি ও মালয়ালম ভাষার ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি এখন ভিন্ন গল্পের পথে এগোচ্ছে। তবে হিন্দি সংস্করণের তৃতীয় কিস্তি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর পর আর কোনো সিনেমা নির্মাণের পরিকল্পনা নেই পরিচালক অভিষেক পাঠকের। অজয় দেবগন অভিনীত ছবিটি ২ অক্টোবর মুক্তির কথা রয়েছে।
অভিষেক পাঠক ভ্যারাইটি ইন্ডিয়াকে জানিয়েছেন, তৃতীয় কিস্তিই হিন্দি ‘দৃশ্যম’ গল্পের চূড়ান্ত পর্ব। তার ভাষ্য, মালয়ালম সংস্করণের নির্মাতারা ভিন্ন গল্প নিয়ে এগোচ্ছেন এবং দুই সংস্করণের চিত্রনাট্য ও গল্প এখন সম্পূর্ণ আলাদা।
চলতি বছরের শুরুতেই দুই সংস্করণের পার্থক্য স্পষ্ট করা হয়। জিতু জোসেফ পরিচালিত ও মোহনলাল অভিনীত মালয়ালম ‘দৃশ্যম ৩’ ভিন্ন গল্পের দিকে এগিয়েছে। অন্যদিকে হিন্দি সংস্করণটি আলাদা গল্প হিসেবে তৈরি হয়েছে। পাঠক আগে মালয়ালম সংস্করণকে আবেগনির্ভর পারিবারিক নাটক এবং হিন্দি সংস্করণকে পারিবারিক থ্রিলার হিসেবে বর্ণনা করেছিলেন।
‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নামটিও হিন্দি ফ্র্যাঞ্চাইজির সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে। শুরুতে ছবিটির নাম ‘দৃশ্যম ৩’ থাকলেও পরে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ রাখা হয়।
ছবিতে বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। আগের চরিত্রে থাকছেন টাবু, শ্রিয়া সরণ ও রজত কাপুর। নতুন করে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ।
অভিষেক পাঠক জানিয়েছেন, ছবিটির সমাপ্তি গল্প খোলা রাখার কোনো কৌশল নয়; বরং এটি একটি সচেতন সৃজনশীল সিদ্ধান্ত। তার মতে, প্রতিটি গল্পেরই একটি শেষ থাকা প্রয়োজন এবং ‘দৃশ্যম’-এর গল্পও এখানেই শেষ হবে।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে এরপর আর কোনো কিস্তি আসবে না। প্রয়োজনের চেয়ে গল্পকে দীর্ঘ না করে একটি পূর্ণাঙ্গ সমাপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
পাঠকের মন্তব্য