
ইবি রিপোর্ট
দেশীয় স্পিনিং শিল্পের উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে ১০ থেকে ৩০ কাউন্ট কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছেন খাতটির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে শিল্পে গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি বজায় রাখা এবং রিসাইকেল ও টেকসই পণ্য উৎপাদনে অতিরিক্ত ৫ শতাংশ প্রণোদনার দাবিও জানিয়েছেন তারা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। স্পিনিং খাতে কর্মরত সাধারণ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন সালমা গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) আজহার আলী।
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৭ সেপ্টেম্বরের আদেশে এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০-৩০ কাউন্ট কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে নির্ধারিত শর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে প্রকৃত রপ্তানিকারকদের সুতা আমদানির সুযোগ রাখা হয়েছে।
আজহার আলীর ভাষ্য, এতে স্থানীয় শিল্পের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি বন্ড সুবিধার অপব্যবহার কমানোর সুযোগ থাকবে। একই সঙ্গে প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল আমদানিও বন্ধ হচ্ছে না। স্থানীয়ভাবে উৎপাদিত সুতার ব্যবহার বাড়লে বন্ধ ও আংশিক বন্ধ মিলগুলো পুনরায় চালুর সুযোগ তৈরি হবে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বর্তমানে ৫৩০টি স্পিনিং মিল রয়েছে। এসব কারখানায় মোট স্পিন্ডল সক্ষমতা প্রায় ১৮ কোটি ২১ লাখ। বছরে সুতা উৎপাদনের স্থাপিত সক্ষমতা কমপক্ষে ৪২০ কোটি কেজি। ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন কারণে ১১৭টি স্পিনিং মিল পুরোপুরি বা আংশিক বন্ধ হয়েছে। বর্তমানে ৪১৩টি মিল পূর্ণ বা আংশিকভাবে চালু রয়েছে।
চালু থাকা মিলগুলোর ১০-৩০ কাউন্ট কটন সুতা উৎপাদনের বার্ষিক সক্ষমতা প্রায় ১৩০ কোটি কেজি। তবে জাতীয় রাজস্ব বোর্ডের আসাইকুডা তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে এই ধরনের সুতা আমদানির পরিমাণ ছিল ২১ কোটি ৬০ লাখ কেজি। ২০২৪-২৫ অর্থবছরে আমদানির পরিমাণ বেড়ে ৪৬ কোটি কেজিতে দাঁড়ায়। দুই অর্থবছরে আমদানি প্রায় ১১৩ শতাংশ বেড়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
খাতসংশ্লিষ্টদের মতে, স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহারের পরিমাণ বাড়লে টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে স্থানীয় মূল্য সংযোজন বাড়বে। একই সঙ্গে সুতা আমদানিতে বৈদেশিক মুদ্রা ব্যয়ের চাপ কমবে। বন্ড সুবিধায় আমদানি করা সুতা স্থানীয় বাজারে অবৈধভাবে বিক্রির সুযোগও কমতে পারে।
আজহার আলী বলেন, ব্যাংক গ্যারান্টি অবমুক্তির সঙ্গে রপ্তানি আয় দেশে প্রত্যাবাসনের শর্ত যুক্ত থাকায় বৈদেশিক মুদ্রা ফেরত আনার ক্ষেত্রে জবাবদিহিতা বাড়বে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় দেশে প্রত্যাবাসিত না হওয়ার বিষয়টিও উদ্বেগের বলে উল্লেখ করেন তিনি।
স্পিনিং খাতে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির জন্য সরকারকে ধন্যবাদ জানান আজহার আলী। তিনি বলেন, কারখানায় স্বাভাবিক গ্যাস সরবরাহ শুধু উৎপাদনের সঙ্গে নয়, শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ও তাদের পরিবারের জীবিকার সঙ্গেও যুক্ত। তাই শিল্পে পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাইমারি টেক্সটাইল খাতে প্রায় ৩২ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে। এ খাতে সরাসরি প্রায় ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। পরোক্ষভাবে প্রায় ১ কোটি মানুষ এই খাতের ওপর নির্ভরশীল।
সরকারের কাছে চার দফা প্রত্যাশা তুলে ধরে আজহার আলী বলেন, ১০-৩০ কাউন্ট কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে প্রকৃত রপ্তানিকারকদের আমদানির সুযোগ রাখার সিদ্ধান্ত বহাল রাখতে হবে। পাশাপাশি বর্তমান গ্যাস সরবরাহ পরিস্থিতি বজায় রাখার দাবি জানান তিনি।
এ ছাড়া শিল্প, ব্যাংকিং, কর্মসংস্থান ও রপ্তানির দীর্ঘমেয়াদি স্বার্থে সমন্বিত টেক্সটাইল-আরএমজি নীতি গ্রহণের দাবি জানানো হয়। রিসাইকেল ও টেকসই পণ্যের উৎপাদন বাড়াতে অতিরিক্ত ৫ শতাংশ প্রণোদনা দেওয়ারও দাবি জানান খাতসংশ্লিষ্টরা।
আজহার আলী বলেন, তারা কোনো বিশেষ সুবিধা চান না। তাদের দাবি ন্যায্য প্রতিযোগিতা, স্থিতিশীল নীতি, বন্ড সুবিধার অপব্যবহার বন্ধ এবং প্রকৃত রপ্তানিকারকদের আমদানি সুবিধা নিশ্চিত করা। দেশীয় স্পিনিং শিল্প সচল থাকলে কর্মসংস্থান, বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও রপ্তানি সক্ষমতায় প্রভাব পড়বে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে স্পিনিং খাতে কর্মরত সাধারণ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।