
ইবি রিপোর্ট
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন।
বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আইডি উল্লেখ করে স্বাক্ষর দিতে দেখা যায়।
কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, গত ২১ সেপ্টেম্বর বিনা নোটিশে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই তারা বিক্ষোভ মিছিল করেন।
তিনি বলেন, পরদিন চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনের দ্বিতীয় দিনে গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন।
পাঠকের মন্তব্য