
ই-বাংলাদেশ ডেস্ক
দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনকালে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।
যেসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দেওয়া হচ্ছে
যুক্তরাষ্ট্রের এই সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখার জন্য বিশেষ সরঞ্জাম বা ‘নিউবর্ন ওয়ার্মার’ এবং নবজাতকের শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে।
এ ছাড়া গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় কোল্ড চেইন সরঞ্জামও দেওয়া হচ্ছে।
এসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ শুধু শহরকেন্দ্রিক স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্রের অর্থায়নে FHI 360, Jhpiego, JSI এবং ইউনিসেফের মাধ্যমে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোও এই সহায়তার আওতায় থাকবে।
স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই সহায়তার লক্ষ্য হলো বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে সহায়তা করা।
বিশেষ করে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা এবং শিশুদের পুষ্টি ও টিকাদান কার্যক্রমে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এই সহায়তা যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নের ক্ষেত্রেও ভূমিকা রাখছে। স্বাস্থ্য খাতে উদ্ভাবন ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
পঞ্চগড়ে রাষ্ট্রদূতের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন। এ সময় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তরের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা।
পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্যেও মুগ্ধ রাষ্ট্রদূত
স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরে পঞ্চগড়ের বিভিন্ন পর্যটনস্থান ও সীমান্ত এলাকা পরিদর্শন করছেন মার্কিন রাষ্ট্রদূত।
সফরের প্রথম দিনে রোববার বিকেল ৫টার দিকে তেঁতুলিয়া ডাকবাংলো পরিদর্শন করেন তিনি। সেখান থেকে সীমান্তবর্তী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী।
সফরের দ্বিতীয় দিনে সোমবার সকালে মহানন্দ নদী, পঞ্চগড়ের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনস্থান পরিদর্শন করেন তাঁরা। পরে বাংলাবান্ধা স্থলবন্দর ও সীমান্তের জিরোপয়েন্টেও যান।
সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তাঁর সহধর্মিণী। বাংলাবান্ধা জিরোপয়েন্টে কিছু সময় অবস্থান করে তাঁরা সীমান্তের নির্মল পরিবেশ উপভোগ করেন।
এ সময় সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী।
পাঠকের মন্তব্য