
ই-বাংলাদেশ প্রতিবেদক
জ্বালানিসংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুতের দিকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এখনই উপযুক্ত সময়।
গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ বর্তমানে ব্যাপক জ্বালানিসংকটের মুখোমুখি। এ পরিস্থিতিতে জ্বালানি ও সৌরশক্তি নিয়ে চীন কাজ করছে। জ্বালানি সরবরাহের ঘাটতি কাটিয়ে উঠতে বাংলাদেশ-চীন সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের সক্ষমতা কাজে লাগানো যেতে পারে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্রে বর্তমানে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। যৌথ ইশতেহারের মাধ্যমে অভিন্ন ভবিষ্যৎ নিয়ে চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের পর গত দুই মাসে চট্টগ্রামে চীন-বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজের উদ্বোধন হয়েছে। মোংলা বন্দর প্রকল্পের কাজও এগিয়ে চলছে। তিস্তা নদী প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা নিয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করছে চীন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আবাসিক হল এবং ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্প এগিয়ে চলছে।
পাঠকের মন্তব্য