![]()
ই-বাংলাদেশ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টি করে অনুষ্ঠান বানচালের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেন, এ ঘটনায় দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁর ভাষ্য, সাম্প্রতিক সময়ে যাকে ‘মব কালচার’ বলা হচ্ছে, সেই ধরনের আচরণের মাধ্যমে অনুষ্ঠানটি বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপির একজন সংসদ সদস্য এবং তাঁর অনুসারীরা পরিকল্পিতভাবে এ পরিস্থিতি সৃষ্টি করেন। এর ফলে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা আতঙ্কিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, যা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য নেতিবাচক বার্তা বহন করেছে।
প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভিন্নমত থাকতেই পারে। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে তা প্রকাশের জন্য গণতান্ত্রিক ও শালীন পদ্ধতি রয়েছে। তিনি জানান, অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আজম খান বিদেশি কূটনীতিকদের কথা বিবেচনায় নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তারা দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। এতে ধর্ম, বর্ণ, পেশা ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। চার বছরের শিশু থেকে শুরু করে শিক্ষার্থী, শ্রমিক, রিকশাচালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ—অনেকেই এই আন্দোলনে জীবন দিয়েছেন। তাই এই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, জুলাই যোদ্ধা পরিচয় ব্যবহার করে কেউ যদি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে সেটি গণআন্দোলনের চেতনাকে ক্ষুণ্ন করবে। তাঁর মতে, রাজনীতি করতে হলে নীতি ও আদর্শের ভিত্তিতে করতে হবে, ব্যক্তিস্বার্থের ভিত্তিতে নয়।
বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। আর ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল সেই স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সংগ্রাম। মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী দাবি করেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রটি ইতিহাস বিকৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়নি। এটি ছিল সংক্ষিপ্ত একটি উপস্থাপনা। কারও কোনো আপত্তি থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যারা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তারা চাইলে সভ্য ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের মতামত জানাতে পারতেন। কিন্তু তা না করে বিশৃঙ্খলার পথ বেছে নেওয়ায় এটি পূর্বপরিকল্পিত ছিল বলেই তাঁর ধারণা।
ইশরাক হোসেন আরও জানান, রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরুর আগে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তাঁদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিজ্ঞতা ও অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে রেখে জাতীয় ঐক্যের ভিত্তিতে মূল্যায়নের আহ্বান জানান।