![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বিদ্যুতের কথিত ‘ভুতুড়ে বিল’, গ্যাস সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে চুলা ও পাতিল নিয়ে মিছিল করেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে ১১ দলীয় জোটের সমর্থকরা জড়ো হলে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি গেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
একপর্যায়ে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে সেটি আটকে দেয়। এতে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন। তারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এর আগে রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা কর্মসূচি চালিয়ে যান এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট, কথিত ভুতুড়ে বিদ্যুৎ বিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানান।
বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি উপেক্ষা করে জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নেন। পরে সেখান থেকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। আন্দোলনকারীরা দাবি করেন, জ্বালানি সংকট, বিদ্যুতের বিল সংক্রান্ত অনিয়ম এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এসব সমস্যার দ্রুত সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
১১ দলীয় জোটের নেতারা বলেন, জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো, জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং বিদ্যুৎ বিল ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
পাঠকের মন্তব্য