ই-বাংলাদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে মিলবে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
ব্যক্তিশ্রেণির করদাতাদের সময়মতো আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা প্রদেয় করের ওপর সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত পাবেন। তবে নির্ধারিত সময়ের পর রিটার্ন জমা দিলে প্রণোদনার সুযোগ থাকবে না, বরং ধাপে ধাপে অতিরিক্ত কর বা জরিমানা গুনতে হবে।
রোববার (২ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, নতুন আয়কর আইনের আওতায় ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলকারীরা প্রদেয় করের ৫ শতাংশ হারে কর রেয়াত পাবেন। তবে এই সুবিধার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করলে কোনো ধরনের কর রেয়াত বা প্রণোদনা পাওয়া যাবে না।
অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিলে প্রদেয় করের ২ শতাংশ অথবা ন্যূনতম ৩ হাজার টাকা, যেটি বেশি হবে, সেই পরিমাণ জরিমানা দিতে হবে।
এছাড়া ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলকারীদের ক্ষেত্রে জরিমানার পরিমাণ হবে প্রদেয় করের ৫ শতাংশ অথবা ন্যূনতম ৫ হাজার টাকা, যেটি বেশি হবে।
এনবিআর জানিয়েছে, সময়মতো আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করা এবং দেরিতে রিটার্ন জমা দেওয়ার প্রবণতা কমাতেই এই নতুন প্রণোদনা ও জরিমানার কাঠামো চালু করা হয়েছে।
এর আগে, ২২ জুলাই ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তি করদাতাদের ই-রিটার্ন সেবা চালু করে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে করদাতারা ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
এ ছাড়া ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পাশাপাশি বিকাশ, নগদ ও রকেট-এর মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সহজেই কর পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
এনবিআর আরও জানিয়েছে, অনলাইনে সঠিকভাবে রিটার্ন দাখিল করলে করদাতারা তাৎক্ষণিকভাবে রিটার্ন গ্রহণের স্বীকৃতিপত্র এবং আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।
ই-রিটার্ন দাখিলের সময় কোনো ধরনের জটিলতা দেখা দিলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার এবং অন্যান্য অনলাইন সেবার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মন্তব্য