ই-বাংলাদেশ ডেস্ক
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ থাকায় সেখানে অন্তত ৬০০ পর্যটক আটকা পড়েছেন। একই সঙ্গে ভূমিধস ও পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার (৮ জুলাই) সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবল বর্ষণের কারণে সাজেকের মাচালং সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
তিনি বলেন, বিকেলের মধ্যে সড়ক থেকে পানি নেমে গেলে আটকে থাকা পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি সদরে পাঠানোর ব্যবস্থা করা হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সাজেকেই অবস্থান করতে হবে।
আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কিছুটা কমাতে কটেজ মালিকরা মানবিক উদ্যোগ নিয়েছেন। রাহুল চাকমা জানান, বর্তমানে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত রুম ভাড়া নেওয়া হচ্ছে না এবং তাদের নিরাপদে রাখার জন্য স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় ভূমিধস, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, এই সময়ের মধ্যে সাজেকের সব পর্যটন স্পট, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া সাজেকে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে এবং দুর্যোগকালীন সতর্কতা অনুসরণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে আবহাওয়ার উন্নতি এবং সড়ক থেকে পানি নেমে যাওয়ার পর আটকে থাকা পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে।
পাঠকের মন্তব্য