![]()
দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলোর মিশন শেষ হয়েছে মিসরের। ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ হোসাম হাসান। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত মিসরের বিপক্ষে গেছে এবং বিশ্বকাপে লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখার একটি প্রচেষ্টা কাজ করেছে।
আটলান্টায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, ‘আমাদের একটি গোল বাতিল করা হয়েছে, আমি জানি না কেন। এটা ন্যায্য নয়। মনে হচ্ছে মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখার একটা ইচ্ছা আছে। এখানে বিপণনের বিষয়ও রয়েছে।’
রেফারির সিদ্ধান্ত নিয়ে আরও কঠোর ভাষায় ক্ষোভ ঝাড়েন মিসরের কোচ। তিনি বলেন, ‘আমরাই ভালো খেলেছি, কিন্তু ফুটবল আমাদের সঙ্গে অন্যায় করেছে। হয়তো তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং মেসিকে বিপণনের স্বার্থে বিশ্বকাপে রাখতে চায়। রেফারি মিসর জাতীয় দলের প্রতি অবিচার করেছেন। এখানে কোনো ন্যায়বিচার ছিল না। ফুটবলের বাইরেও কিছু বিষয় ছিল, যেগুলো এই হারের কারণ হয়েছে।’
তবে বিতর্কের মাঝেও নিজের খেলোয়াড়দের প্রশংসা করতে ভোলেননি হোসাম হাসান। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। তারা অসাধারণ পরিশ্রম করেছে। কিন্তু আরও কিছু বিষয় ছিল, যা পরিস্থিতিকে কঠিন করে তুলেছে। আর আমি হারতে পছন্দ করি না।’
সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তাও দেন মিসরের কোচ। তিনি বলেন, ‘আমরা সমর্থকদের আনন্দ দিতে চেয়েছিলাম। কিন্তু ফুটবলে এমন কিছু ঘটনা ঘটে, যা কারিগরি বিষয়ের বাইরে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি সমর্থন রয়েছে, কেন রয়েছে আমি জানি না।’
শেষে মিসর ও আরব বিশ্বের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি মিসর ও আরব জনগণের কাছে ক্ষমা চাইছি। আমরা আপনাদের আনন্দ দিতে চেয়েছিলাম এবং বিশ্বকাপে যত দূর সম্ভব যেতে চেয়েছিলাম। কিন্তু খেলোয়াড়রা তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। আমাদের উচ্চাকাঙ্ক্ষা এর চেয়েও অনেক দূর যাবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
পাঠকের মন্তব্য