![]()
ই-বাংলাদেশ ডেস্ক
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় সেখানে অধ্যয়নরত বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। টানা ১০ দিন ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন, ইন্টার্নশিপ এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একদল বিদেশি শিক্ষার্থী স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন। তাদের দাবি, চলমান সংকটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাতেই তারা সেখানে গিয়েছিলেন।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মহাপরিচালক গুরুত্বপূর্ণ কাজে কার্যালয়ের বাইরে ছিলেন। এছাড়া শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্ট নেননি, ফলে তাৎক্ষণিকভাবে সাক্ষাতের ব্যবস্থা করা সম্ভব হয়নি।
বিদেশি শিক্ষার্থীরা জানান, হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় তাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তারা কার্যকর কোনো সমাধান পাননি।
শিক্ষার্থী ডা. খুজাইমা বলেন, “আমরা আমাদের শিক্ষা কার্যক্রম নিয়ে গভীর সংকটে আছি। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনো ইতিবাচক সাড়া পাইনি। বাধ্য হয়েই স্বাস্থ্য অধিদপ্তরে এসেছি। যদি এখনো আমাদের সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা আরও বড় বিপদের মুখে পড়ব।”
শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে আদ্-দ্বীন মেডিকেল কলেজে মোট ২৯৫ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এর মধ্যে ৮৬ জন ইন্টার্ন চিকিৎসক এবং ২০৯ জন নিয়মিত শিক্ষার্থী। অধিকাংশ শিক্ষার্থী ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশে এসে চিকিৎসাবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন।
হাসপাতালের কার্যক্রম স্থগিত থাকায় তাদের ক্লাস, ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং ডিগ্রি সম্পন্ন করার প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে তাদের শিক্ষাজীবনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
পাঠকের মন্তব্য