![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দিনের এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিএনপি সরকার গঠনের পর কোনো দেশের সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর হতে যাচ্ছে। সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরকালে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি তাঁর জন্য আরও কয়েকটি কর্মসূচি নির্ধারণ করা হচ্ছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা এবং ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে এই সফরে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়েছিলেন তারেক রহমান। গত জুনে অনুষ্ঠিত ওই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেই আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে এসেছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে আনোয়ার ইব্রাহিমের এবারের ঢাকা সফরে। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হতে পারে।
সফরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসতে পারে। পাশাপাশি দেশটিতে বর্তমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়েও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের নিয়োগ এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এ ক্ষেত্রে গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলোও স্থান পেতে পারে। একই সঙ্গে বিভিন্ন বহুপক্ষীয় ইস্যু নিয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এবার বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর তাঁর দুই দিনের ঢাকা সফর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় যোগাযোগের নতুন একটি আয়োজন হতে যাচ্ছে।
পাঠকের মন্তব্য